ইসলামি আলোচনায় সাধারণত ফিতরাত বলতে মানুষের সহজাত ইমানপ্রবণতা বা স্বাভাবিক ধর্মপ্রকৃতি বোঝানো হয়, যা নৈতিক ও মনস্তাত্ত্বিক মাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কিন্তু ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিভঙ্গি এই ধারণাকে বহুদূর প্রসারিত করে। এই তত্ত্ব অনুযায়ী, ফিতরাত হলো প্রতিটি সত্তার সেই আল্লাহপ্রদত্ত অস্তিত্বগত প্রকৃতি, যার মাধ্যমে তার পরিচিতি, সীমা, কার্যকারিতা, বিকাশের গতিপথ ও চূড়ান্ত লক্ষ্য নির্ধারিত হয়। অন্য কথায়, এটি কোনো আরোপিত বৈশিষ্ট্য নয়; সত্তার অস্তিত্বের সঙ্গেই তার ফিতরাত অঙ্কিত থাকে, একে 'অস্তিত্বের অন্তর্লিখিত বিধান' বলা যেতে পারে।
এই নীরব নিয়ম সত্তাকে জানিয়ে দেয়—সে কী, কী হতে পারে, কী হতে পারে না এবং বিশাল সৃষ্টিব্যবস্থায় তার ভূমিকা কী। তাই ফিতরাত কেবল মানুষের বিষয় নয়, বরং তা মহাবিশ্বের একটি সার্বজনীন নীতি। পানি, আগুন, আলো বা বাতাস—প্রত্যেকেই নিজস্ব অস্তিত্বগত প্রকৃতি অনুসারে আচরণ করে। কোরআনে বলা হয়েছে যে আকাশমণ্ডলী ও পৃথিবীর সবকিছু আল্লাহর তসবিহ পাঠ করে, এর গভীর অন্ততাত্ত্বিক ব্যাখ্যা হলো প্রতিটি সত্তা তার ফিতরাত মেনে চলার মাধ্যমে স্রষ্টার আইনের প্রতি আনুগত্য প্রকাশ করছে। এক্ষেত্রে ফিতরাতকে 'অস্তিত্বের ব্যাকরণ' হিসেবে কল্পনা করা যায়। ভাষার ব্যাকরণ যেমন শব্দগুলোকে অর্থপূর্ণ বাক্যে রূপ দেয়, তেমনি ফিতরাত প্রতিটি সত্তার শক্তি ও সম্ভাবনাকে সুশৃঙ্খল অস্তিত্বে আকার দেয়। ব্যাকরণ ভাঙলে ভাষায় বিপর্যয় নামে, ফিতরাত থেকে বিচ্যুত হলে সত্তা তার অস্তিত্বগত সামঞ্জস্য হারায়। মানুষের ফিতরাতবিরোধী জীবন মানসিক অস্থিরতা ও সামাজিক সংকট ডেকে আনে, আর সমাজ যখন প্রকৃতির ফিতরাত অস্বীকার করে তখন পরিবেশগত বিপর্যয় অনিবার্য হয়।
ফিতরাত-তত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হলো এটি সত্তা ও উদ্দেশ্যের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধন স্থাপন করে। আধুনিক দর্শনের অনেক ধারা, যেমন বস্তুবাদ অস্তিত্বকে পদার্থের বিন্যাসে সীমাবদ্ধ করেছে, আবার অস্তিত্ববাদ উদ্দেশ্যকে মানুষের ব্যক্তিগত নির্মাণ হিসেবে দেখেছে। কিন্তু ফিতরাততত্ত্ব ঘোষণা করে, কোনো সত্তাই উদ্দেশ্যহীনভাবে অস্তিত্ব লাভ করে না। একটি বীজের ভেতরে যেমন বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে থাকে, তেমনি মানুষের মধ্যেও নৈতিকতা, জ্ঞান, ইবাদত ও প্রতিনিধিত্বের (খেলাফত) সম্ভাবনা নিহিত। সমাজ এসব সৃষ্টি করে না, কেবল বিকাশ বা বিকৃতি ঘটাতে পারে। এটি একটি টেলিওলজিক্যাল নীতি: প্রতিটি সত্তা নির্দিষ্ট পরিণতির দিকে গতিমান। নদী সাগরের দিকে প্রবাহিত হয়, বীজ বৃক্ষ হতে চায়, মানুষ সত্য ও তার স্রষ্টার দিকে অগ্রসর হওয়ার অন্তর্নিহিত তাড়না বহন করে। স্বাধীন ইচ্ছার কারণে মানুষ বিচ্যুত হতে পারে, কিন্তু তা তার প্রকৃত ফিতরাতকে বদলায় না, বরং সংঘাত সৃষ্টি করে।
একইসঙ্গে, ফিতরাততত্ত্ব গভীরভাবে সম্পর্কতাত্ত্বিক। কোনো সত্তা একাকী পূর্ণ নয়। বৃক্ষের যেমন মাটি, পানি, আলো ও বায়ুর প্রয়োজন, তেমনি মানুষ পরিবার, সমাজ, প্রকৃতি ও আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যমেই নিজেকে খুঁজে পায়। এটি ব্যক্তিস্বাতন্ত্র্যকে অস্বীকার না করলেও তাকে সম্পর্কহীন স্বাতন্ত্র্যে পরিণত করে না। প্রতিটি সত্তা একটি বৃহত্তর অস্তিত্বগত জালের অংশ। সুতরাং, একটি বন ধ্বংস করা মানে শুধু গাছ কাটা নয়, বহু সত্তার পারস্পরিক ফিতরাতভিত্তিক সম্পর্ক ছিন্ন করা। একটি নদী দূষিত করা তার অস্তিত্বগত ভূমিকার বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। ফলে পরিবেশনীতি এখানে নৈতিকতারই সম্প্রসারিত রূপ। এই তত্ত্ব মূল্যতাত্ত্বিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কোনো সত্তার মূল্য কেবল মানুষের উপযোগিতায় নির্ধারিত হয় না। একটি মরুভূমি, কীটপতঙ্গ বা পাহাড়েরও নিজস্ব অস্তিত্বগত মর্যাদা আছে, কারণ তারা আল্লাহর নির্ধারিত ফিতরাত বহন করে। এটি মানুষকেন্দ্রিক পরিবেশচিন্তার বদলে ফিতরাতকেন্দ্রিক বিশ্বদৃষ্টির ভিত্তি স্থাপন করে।
দর্শনের ইতিহাসে অস্তিত্বতত্ত্বের সূচনা 'কী আছে?' এই প্রশ্ন থেকে। কিন্তু ফিতরাততত্ত্ব মনে করে, কোনো কিছুর অস্তিত্ব জানলেই তার পূর্ণ সত্য জানা যায় না। একটি অরণ্যের অস্তিত্ব একটি তথ্য, কিন্তু তা কেন আছে, তার সৃষ্টিগত প্রকৃতি ও অভিমুখ কী—এসব প্রশ্নের উত্তর ছাড়া তার পূর্ণ অর্থ প্রকাশিত হয় না। এখানেই এই তত্ত্ব প্রচলিত অস্তিত্বদর্শনে নতুন মাত্রা যোগ করে। এটি অস্তিত্বের তালিকা তৈরি না করে প্রতিটি সত্তার অন্তর্নিহিত স্বভাব, উদ্দেশ্য ও বৃহত্তর নেজামে তার অবস্থান ব্যাখ্যা করে। এর ঘোষণা হলো, কোনো সত্তাই শূন্য বা অর্থহীন অবস্থা নিয়ে অস্তিত্বে আসে না; বরং সৃষ্টিগত সারসত্তা ও নির্ধারিত গন্তব্যসহই আসে। এই দৃষ্টিভঙ্গি জ্যঁ-পল সার্ত্রের মতো অস্তিত্ববাদীদের মৌলিক দাবির বিপরীতে দাঁড়ায়। সার্ত্রের মতে, মানুষ আগে অস্তিত্ব পায়, পরে নিজেই নিজের পরিচয় নির্মাণ করে। কিন্তু ফিতরাততত্ত্বের বিশ্লেষণ অনুযায়ী, এই ধারণা মানুষকে স্বাধীনতা দিলেও একে অস্তিত্বগত অনিশ্চয়তায় নিক্ষেপ করে, যেখানে নৈতিকতার স্থায়ী ভিত্তি থাকে না।
ফিতরাত-তত্ত্ব ভিন্ন পথ দেখায়: মানুষ একটি ফিতরাতপ্রাপ্ত সত্তা, তার অস্তিত্বের সঙ্গেই একটি অন্তর্নিহিত পরিচয় জন্ম নেয়। সমাজ বা ব্যক্তিগত আকাঙ্ক্ষার আগেই তার সৃষ্টিগত পরিচয় বিদ্যমান। সভ্যতার স্থায়িত্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বা প্রযুক্তিগত উৎকর্ষে নয়, বরং তা নির্ভর করে সৃষ্টির ফিতরাতকে কতটা সম্মান করা হয় তার ওপর। ফিতরাতহীন প্রযুক্তি শোষণের যন্ত্রে পরিণত হয়, ফিতরাতনির্দেশিত প্রযুক্তি কল্যাণের উপকরণ হয়। পরিবেশ ধ্বংস, নৈতিক অবক্ষয় বা পারিবারিক ভাঙন বিচ্ছিন্ন সংকট নয়; এগুলো মানুষ তার সৃষ্টিগত ফিতরাত থেকে বিচ্যুত হওয়ার লক্ষণ। তাই সভ্যতার পুনর্গঠনের জন্য দরকার মানুষের ফিতরাতের পুনরাবিষ্কার এবং সেই ভিত্তিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে ঢেলে সাজানো। পরিশেষে, ফিতরাততত্ত্বের বাণী হলো—অস্তিত্বের পূর্ণতা নিজের ফিতরাতে, নৈতিকতার ভিত্তি ফিতরাতের প্রতি বিশ্বস্ততায়, এবং সভ্যতার স্থায়িত্ব ফিতরাতভিত্তিক নেজামের প্রতিষ্ঠায় নিহিত।




