অনেকে ঘুমের মধ্যে আতঙ্কজনক স্বপ্ন দেখে হঠাৎ জেগে ওঠেন। এমন সময় মনে হয় কেউ গলা টিপে ধরেছে, চিৎকার করতে চাইলেও কোনো শব্দ বেরোচ্ছে না। হাত-পা অবশ হয়ে আসে। সামান্য নড়াচড়া করতে পারলেই ঘুম ভেঙে যায় এবং মুখ থেকে গোঙানির মতো শব্দ বেরোয়। চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনাকে 'স্লিপ প্যারালাইসিস' বা 'বোবায় ধরা' বলা হয়।

ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটলে এই সমস্যা দেখা দেয়। মূলত দুটি কারণে এটি হতে পারে। প্রথমত, গলার পেছনে শ্বাসনালির মুখের মাংসপেশি ঝুলে পড়লে বায়ু চলাচলে বাধা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, মস্তিষ্ক থেকে স্বয়ংক্রিয়ভাবে শ্বাস-প্রশ্বাস চালিয়ে যাওয়ার সংকেত কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেলেও এমন পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার সময় পাশের কেউ ব্যক্তির শরীরে সামান্য স্পর্শ করলেই ঘুম ভেঙে যায় এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে। সাধারণত 'বোবায় ধরা' বন্ধ করার জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন পড়ে না। তবে যদি এটি ঘন ঘন ঘটতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।