বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় সোমবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবকরা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মী এবং তারা জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তারা রাতে মোশাকপুর গ্রামে একটি গায়েহলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন, সাথে ছিলেন আয়োজক পরিবারের কয়েকজন সদস্যও।
আহত নজরুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তারা যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছররা গুলিতে আহত হয়ে রাস্তায় পড়ে যান। তাদের মাথা, হাত ও পিঠে গুলি লাগে। নজরুল ইসলামের অভিযোগ, হামলাকারীদের মধ্যে হারুন ও পিচ্চি রিয়াদ নামে দুজনকে তিনি চিনতে পেরেছেন। পিচ্চি রিয়াদ তাকে জামায়াত-শিবির করার কথা বলে পায়ে অস্ত্র ঠেকিয়ে পুনরায় গুলির হুমকি দিয়েছে বলে তিনি জানান।
আহতদের মধ্যে নজরুল ইসলাম ওরফে শান্ত (২৫), মো. বাবলু (২৫), মারুফ আহাম্মেদ (২৫), জসিম উদ্দিন (২৭) ও সাকিব হোসেন (২৫) রয়েছেন। মো. বাবলুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী জানান, রাতেই ছররা গুলিতে আহত চারজনকে হাসপাতালে আনা হয় এবং তাদের চিকিৎসা চলছে।
হামলার অভিযোগের বিষয়ে হারুন ও রিয়াদের বক্তব্য নিতে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের ওপর পেছন থেকে গুলি করা হয়েছে বলে শুনেছেন। আহতরা জামায়াত-শিবিরের সমর্থক এবং হামলাকারীরা বিএনপির লোক বলে প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।




