ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পারিবারিক জমি নিয়ে বিবাদে ছেলের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে এক প্রবীণ নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম রেজিয়া খাতুন (৮২)। সোমবার বিকেলে উপজেলার বাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং নিহতের ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কাজিমুদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুনের সাথে তার ছেলে ও পুত্রবধূর দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে মনোমালিন্য চলছিল। সোমবারও বাড়ির পাশের জমি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির রূপ নেয় ধাক্কাধাক্কিতে, আর সেই ধাক্কাধাক্কির মধ্যেই বৃদ্ধা রেজিয়া খাতুন মাটিতে পড়ে যান। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিবেশী সাইদুল ইসলাম জানান, মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে নিয়মিত ঝগড়া লেগেই থাকত। গতকালও একই কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, বৃদ্ধার মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




