দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি তাদের আইনি বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘ল অফিসার (অফিসার/এসও/ইও)’ পদে কর্মী নেওয়া হবে। পূর্ণকালীন এই পদে কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।
প্রার্থীদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা হলো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএল.বি.) বা স্নাতকোত্তর (এলএল.এম.) ডিগ্রি। এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা আইনি সংস্থায় ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। বিশেষ করে ঢাকা জাজেস কোর্ট, সিজেএম এবং সিএমএম কোর্টে মামলা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা আবশ্যক। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। হাইকোর্ট বিভাগে অনুশীলনের অনুমতিপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
প্রার্থীদের ব্যাংকিং আইন, আর্থিক আইন, নিয়ন্ত্রক সম্মতি (রেগুলেটরি কমপ্লায়েন্স) এবং এনপিএল ব্যবস্থাপনায় গভীর জ্ঞান থাকতে হবে। এমএস অফিসে দক্ষতা, কার্যকর যোগাযোগ ক্ষমতা ও স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় পারদর্শিতা বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে।
নিয়োগপ্রাপ্তদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে বাদী বা অভিযোগকারী হিসেবে আদালতে মামলা দায়ের করা ও সাক্ষী হিসেবে উপস্থিত থাকা। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং আদেশ, রায় ও ডিক্রির প্রতিলিপি সংগ্রহ করতে হবে। সময়মতো জারি মামলা দায়ের করা এবং অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর অধীনে সনদ সংগ্রহ করা আবশ্যক। এ ছাড়া আদালতের প্রয়োজনে দৈনিক পত্রিকায় সমন বা নোটিশ প্রকাশের সমন্বয় করতে হবে। প্যানেল আইনজীবী, আদালত কর্মকর্তা ও অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রেখে লিটিগেশন এমআইএস আপডেট রাখা, আইনজীবী, সাব-রেজিস্ট্রার, তহসিল অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় পরিদর্শন করাও দায়িত্বের অংশ।
আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নির্ধারিত নিয়ম অনুযায়ী ইউসিবি পিএলসির অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল বা জব পোর্টালের মাধ্যমে আগামী ১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। করপোরেট অফিসের ঠিকানা: প্লট # সিডব্লিউএস (এ) ১, রোড নং ৩৪, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।




