যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট রাত ৮টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় উপাচার্য উল্লেখ করেন, জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও খাদ্যনিরাপত্তা বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য আ ব ম ফারুককে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন বলেও মন্তব্য করেন উপাচার্য।

আ ব ম ফারুকের মৃত্যুতে তাঁর স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন, অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীকে শোকাহত অবস্থায় রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান শিমুল হালদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ওষুধপ্রযুক্তি বিভাগে আনা হয়েছে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ তাঁর বাসায় নেওয়া হবে এবং বাদ আসর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ও বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আ ব ম ফারুক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্বও সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে ফার্মাসিস্ট, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।