বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪১ নম্বর সীমান্ত পিলারের গাছবুনিয়া এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বাসিন্দা। আটকের পর তাদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করে ১৯৪৬ সালের বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিরা মিয়ানমারের কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সদস্য কি না, তা অনুসন্ধান করা হচ্ছে।

একই দিন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক দুই নারী ও এক শিশুকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। পুশব্যাকের এই ঘটনায় কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, রাখাইনে চলমান সংঘাতের কারণে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিজিবিকে। তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মাদক, চোরাচালান, মানব পাচার এবং সীমান্তকেন্দ্রিক অন্যান্য অপরাধ প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে। এ পরিস্থিতিতে বিজিবি সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং কোনো ধরনের অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে।