দেশের শীর্ষ দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিভিন্ন প্রকল্পের আওতায় চারটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে চারটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
সর্বোচ্চ বেতনের পদটি হলো কো–অর্ডিনেটর (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি)। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণা এবং প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যার মধ্যে অন্তত ৭ বছর ব্যবস্থাপক (ম্যানেজারিয়াল) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯২ টাকা।
এর পরেই রয়েছে রিসার্চ ফেলো (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি) পদ। এখানেও একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য একই ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। গবেষণাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা বা এনজিও অথবা অলাভজনক প্রতিষ্ঠানে ন্যূনতম ৮ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর ব্যবস্থাপক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৯৯ টাকা।
তৃতীয় পদটি হলো রিসার্চ অ্যাসোসিয়েট (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি)। এই পদেও একজন নিয়োগ পাবেন। শিক্ষাগত যোগ্যতা আগের পদগুলোর অনুরূপ। গবেষণাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা বা এনজিও অথবা অলাভজনক প্রতিষ্ঠানে গুণগত ও পরিমাণগত গবেষণায় ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা আবশ্যক। ব্যাংকিং খাতবিষয়ক গবেষণা এবং প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের বেতন ১ লাখ ৭ হাজার ৫৯০ টাকা।
সর্বনিম্ন বেতনের পদটি হলো রিসার্চ অ্যাসোসিয়েট (চুক্তিভিত্তিক)। এখানেও একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকারযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে নৃবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি, পরিবেশবিজ্ঞান, ভূগোল, সমাজবিজ্ঞান ও পরিসংখ্যান। সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণায় অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক বিষয়ে থিসিস গবেষণার অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের বিবেচনা করা হবে। এই পদের বেতন ৩৭ হাজার ৯৬৮ টাকা।
আগ্রহী প্রার্থীদের টিআইবির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথম পদের (রিসার্চ অ্যাসোসিয়েট-চুক্তিভিত্তিক) জন্য আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৬। বাকি তিনটি পদের (কো–অর্ডিনেটর, রিসার্চ ফেলো ও রিসার্চ অ্যাসোসিয়েট-ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি) জন্য আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই ২০২৬। বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য টিআইবির ওয়েবসাইটে পাওয়া যাবে।




