বাংলাদেশ রেলওয়ের ঠিকাদারি কার্যক্রম ও ইজারা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর তা তদন্তে কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোয় 'দোকান, পার্কিং, শৌচাগার ইজারা: রেলের আনিসুরপ্রীতি' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রূপম আনোয়ার। সদস্য হিসেবে রয়েছেন উপসচিব বি এম মশিউর রহমান এবং যুগ্ম সচিব মো. তবিবুর রহমান সদস্যসচিবের দায়িত্বে থাকবেন।

প্রথম আলোর প্রতিবেদনে কমলাপুর রেলস্টেশন ভবনের ভেতরে দোকান বরাদ্দ, দেশের বিভিন্ন রেলস্টেশনের গণশৌচাগার ও পার্কিংয়ের ইজারা এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ আনা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, নির্দিষ্ট একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সুবিধা দিয়ে এসব ইজারা ও ঠিকাদারি দেওয়া হয়েছে।

এই অভিযোগ জনস্বার্থ ও রেলওয়ের ভাবমূর্তির সাথে জড়িত বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। কমিটিকে অভিযোগগুলোর সত্যতা যাচাই, সংশ্লিষ্ট নথিপত্র ও আইন-বিধি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি তার কাজের অংশ হিসেবে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বক্তব্য গ্রহণ করতে পারবে। এছাড়াও প্রয়োজনীয় নথি ও রেকর্ড সংগ্রহ ও পরীক্ষা করার ক্ষমতা রয়েছে তাদের।

কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন প্রজ্ঞাপন জারির ১০ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। তদন্তে কোনো অনিয়ম, বিধি লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার বা প্রশাসনিক ত্রুটি ধরা পড়লে তার কারণ ও দায়দায়িত্ব নির্ধারণ করে কমিটিকে মতামত জানাতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কেও সুপারিশ করতে বলা হয়েছে তাদের।