জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থী ও এনসিপির মতো অন্যান্য শক্তির সম্পৃক্ততা বিএনপির রাজনৈতিক কৌশলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে 'ফ্রম রেজিস্টেন্স টু ভিক্টরি লিগ্যাসি অব জুলাই' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ।
নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসের কোনো গণ-আন্দোলনেই দলটি এককভাবে নেতৃত্ব দেয়নি, বরং সব আন্দোলনের সুবিধাভোগী হিসেবে অবস্থান করেছে। তাঁর মতে, নতুন রাজনৈতিক শক্তিগুলো না থাকলে বিএনপি পুরো অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের নামে লিখিয়ে নিতে পারত।
এনসিপি প্রধান আরও বলেন, লন্ডন ও শিলং (ভারতের মেঘালয়) থেকে পরিকল্পনা করে এই অভ্যুত্থান ঘটানো হয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা আন্দোলনের প্রকৃত নায়কদের অস্বীকার করার শামিল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'লন্ডন বা শিলং থেকে পরিকল্পনার কথা বলা হলেও আপনারা জানেন—রামপুরা, বাড্ডা, বারিধারাসহ ঢাকার রাজপথে আপনারা কীভাবে আন্দোলন সংগঠিত করেছিলেন।'
জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উপেক্ষিত হওয়ার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্যে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দমন-পীড়ন ও সেগুলো বন্ধ করে দেওয়ার পর ১৮ জুলাই থেকে ঢাকার রাজপথে বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলন এগিয়ে নিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় ২৬ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হলেও তাঁদের ত্যাগ ও ভূমিকা যথাযথভাবে সংরক্ষিত বা সম্মানিত হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম ও দখলদারত্বের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। তিনি সরকারের প্রতি ছাত্রসমাজের পড়ার পরিবেশ ফিরিয়ে দেওয়া ও যথাযথ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি—শুধু ক্ষমতার চেয়ার বদলেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তেল-গ্যাস ও বিদ্যুতের দাম রেকর্ড পরিমাণে বাড়ানো হয়েছে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্রভাব ফেলেছে বলে তাঁর অভিযোগ। গুম কমিশনের অধ্যাদেশ বাতিল ও নতুন খসড়া আইনের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, গুমের অভিযোগ তদন্তের ভার পুলিশের ওপর দেওয়া এবং মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীকে পাঁচ বছরের সাজা দেওয়ার বিধান রাখা প্রহসন ছাড়া কিছু নয়। তিনি আরও মন্তব্য করেন, 'প্রথমে শুনলাম শেখ হাসিনা সামনে আসবে, পরে অনলাইনে আসবে, আবার শুধু বক্তব্য শোনা যাবে। আগে ছাত্রলীগ বিএনপিকে বলত, "দেখা না দিলে বন্ধু কথা কইও না"। এখন আওয়ামী লীগের ক্ষেত্রেও একই গান প্রযোজ্য।'
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নূর আলম হাসান, এবং জুলাই অভ্যুত্থানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী রাকিবুল ইসলামের ভাই আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।


