ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রুশ বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি বাড়ছে। গত শনিবার শহরটিতে গ্লাইড বোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন ১৩ বছর বয়সী কিশোরী। সুমির মেয়র আর্তেম কোবজার টেলিগ্রামে এই তথ্য জানিয়ে আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

হামলার সময় শহরের একটি কফি শপের সিসিটিভি ক্যামেরায় ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে। প্রকাশিত ফুটেজে তিনটি ভিন্ন কোণ থেকে আতঙ্কের দৃশ্য দেখা যায়। একটি ক্যামেরা দোকানের বাইরে এবং দুটি ভেতরে স্থাপিত ছিল। বিস্ফোরণের শব্দ শুনে ক্রেতা ও কর্মচারীরা সঙ্গে সঙ্গে মেঝেতে শুয়ে পড়েন। বিস্ফোরণ থামার পর তারা ছুটে ভেতরে আশ্রয় নেয়, যেখানে কাউন্টারের সামনে তখনও লাইনে দাঁড়িয়ে ছিলেন অন্যরা।

স্থানীয় প্রশাসনের মতে, এই হামলায় বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনার ক্ষতি হয়েছে। সুমি শহরটি যুদ্ধের শুরু থেকেই রুশ বাহিনীর বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। বেসামরিক স্থাপনায় এমন আক্রমণ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করছে।