পশ্চিমবঙ্গের ক্ষমতাচ্যুত দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল ক্রমশ চরমে উঠছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসনে জয়লাভের পর দলটির বহু বিধায়ক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেস গঠন করেছেন। রোববার এই বিদ্রোহী গোষ্ঠীর নেতা বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস এবং ইতিমধ্যে ৬৫ জন বিধায়ক তাদের দলে নাম লিখিয়েছেন। গত দুই দিনে অনুব্রত মন্ডল ও সাবেক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মতো প্রভাবশালী নেতারাও যোগ দিয়েছেন বলে তিনি জানান। ঋতব্রত বলেন, তারা চাইলে বিধায়কের সংখ্যা ৭৫-এ নিয়ে যেতে পারেন, তবে সবাইকে দলে নিচ্ছেন না।
উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ শনিবার বিদ্রোহী গোষ্ঠীর আয়োজিত এক বৈঠকে উপস্থিত হন। তবে ঋতব্রত স্পষ্ট করেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। নির্মল ঘোষ নিজে দাবি করলেও ঋতব্রত তা সরাসরি নাকচ করে দেন। নির্মল ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ। নির্বাচনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। হঠাৎ করেই তাকে ওই সভায় প্রবেশ করতে দেখা যায়।
এই ঘটনায় ধর্ষণের শিকার চিকিৎসকের মা ও বর্তমান পানিহাটি বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, নির্মল ঘোষের বিচার হবেই। তিনি তাঁর মেয়ের হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে নির্মল ঘোষকে চিহ্নিত করেন এবং তাকে কাঠগড়ায় তোলার অঙ্গীকার করেন। এছাড়া নির্মল ঘোষের বিরুদ্ধে এক কোটি টাকার লটারির অর্থ প্রতারণা করে নেওয়ার মামলা হয়েছে। ২০২৪ সালে জয়ন্ত দাস নামে এক ব্যক্তি লটারিতে এক কোটি টাকা জেতেন। অভিযোগ, সেই খবর পেয়ে নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ ভয়ভীতি দেখিয়ে লটারির টিকিট হাতিয়ে নেন। মামলার বাদী নির্মল ঘোষের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সাবেক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিদ্রোহীদের দলে যোগ দিয়ে বলেন, এখন সময় এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার। তার খামখেয়ালিপনা ও ভুল সিদ্ধান্তের কারণেই দলের এই পতন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মমতার সাজানো বাগান ভেঙে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিদ্রোহী গোষ্ঠীর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, তারা চাইলে আরও বেশি বিধায়ককে নিজেদের দলে টেনে আনতে পারেন, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের তারা স্থান দেবেন না।


