ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন অঞ্চলের জন্য কোন প্রজাতির গাছ উপযোগী হবে তা নির্ধারণে ইতিমধ্যে ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে।

সম্প্রতি দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস এবং ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, দীর্ঘতম সমুদ্রসৈকত এবং বৃহত্তম গভীর সমুদ্র সাবমেরিন ফ্যানও বাংলাদেশে অবস্থিত। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৈশ্বিক নেতৃত্বের ভূমিকা বাংলাদেশকেই গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ও সিথ্রিইআরের উপদেষ্টা অধ্যাপক আইনুন নিশাত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজ, ব্র্যাক ইউনিভার্সিটির সহ-উপাচার্য আরশাদ মাহমুদ চৌধুরী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।

পরিবেশ সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ জোরদার এবং আরও টেকসই ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আয়োজন সমাপ্ত হয়।