উনিশ শতকের গিল্ডেড এজের অর্থনীতিবিদ থর্স্টেইন ভেবলেন একসময় 'স্পষ্ট ভোগ' তত্ত্ব দিয়েছিলেন, যেখানে দামি ও এক্সক্লুসিভ জিনিস কেনাকে মর্যাদার প্রতীক হিসেবে দেখা হতো। আজকের জেনারেশন জি-র শহুরে আচরণ পর্যবেক্ষণ করলে ভেবলেনকে সম্ভবত একটি নতুন ধারণা দিতে হতো: 'স্পষ্ট অপেক্ষা'। কেউ কেউ একে 'গণতান্ত্রিক দম্ভ'ও বলতে পারেন। দশকের পর দশক ধরে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চেকআউট লাইন, ড্রাইভ-থ্রু কিংবা লোডিং স্পিডের সেকেন্ড বাঁচাতে প্রতিযোগিতা করেছে। প্রচলিত ধারণা ছিল, একজন ক্রেতার জন্য প্রতি সেকেন্ড অতিরিক্ত অপেক্ষা মানেই বিক্রি হারানোর শামিল। তবে ব্যবসার জগৎ এটাও জানত যে বন্দী মনোযোগেরও মূল্য আছে। চেকআউট লাইনের পাশে চোখের সমান উচ্চতায় সাজানো চকলেট বার বা সেলিব্রিটি গসিপের ম্যাগাজিন কোনো আকস্মিক ঘটনা নয়: একজন অপেক্ষমাণ ক্রেতার মনোযোগ তখনও অর্থ উপার্জনের মাধ্যম। স্মার্টফোন আসারও অনেক আগে ব্যবসাগুলো এটি বুঝে গিয়েছিল। তারা যা প্রত্যাশা করেনি তা হলো, ক্রেতারা একসময় অপেক্ষাকেই কনটেন্টে পরিণত করবে। টেম্পল ইউনিভার্সিটির ফক্স স্কুল অব বিজনেসের পরিসংখ্যান, অপারেশনস ও ডেটা সায়েন্সের অধ্যাপক সুবোধা কুমার বলেন, "শুধু খরচ কমানোর কথা ভাবলে হবে না, আমরা একটি সারিকে মূল্যবানের সংকেত হিসেবে ব্যবহার করতে পারি।" প্রযুক্তি যখন প্রায় সব লেনদেন থেকে বাধা দূর করছে, তখন মানুষ যেসব অভিজ্ঞতার জন্য স্বেচ্ছায় অপেক্ষা করে সেগুলো ক্রমশই মূল্যবান ও প্রকাশ্য হয়ে উঠছে। তারা এখন কেবল কেনা জিনিসটির ছবি নয়, বরং অপেক্ষার লাইনের ছবিও পোস্ট করছে। এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সারির ভূমিকাকে বদলিয়ে দিয়েছে: এখন ক্রেতারা পুরো অভিজ্ঞতাকেই কনটেন্টে রূপ দেন, যার মধ্যে আছে প্রস্তুতি, অপেক্ষা এবং পণ্য ব্যবহারের চেষ্টা। লাইনটা এখন অভিজ্ঞতার পূর্বের পর্ব নয়, অনেকের জন্য এটাই মূল অভিজ্ঞতা। সাবোধা কুমার বলছেন, ব্যবসার জন্য এই লাইনগুলো এখন একটি সম্পদে পরিণত হয়েছে। লাইনের প্রতিটি মিনিটকে দূর করার খরচ না ভেবে, তারা একে তিনটি দৃষ্টিকোণ থেকে দেখতে পারে: একটি অভিজ্ঞতা, একটি সংকেত এবং একটি প্রতিশ্রুতির উপকরণ হিসাবে। এমআইটির অপারেশন গবেষক ও 'ড. কিউ' নামে পরিচিত রিচার্ড লারসন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, সুপারমার্কেটের লাইনে মোবাইলের দিকে তাকিয়ে থাকা নিমগ্ন মানুষদের দেখলে তাঁর মন খারাপ হয়। আগের দিনে অপরিচিতরাও লাইনে দাঁড়িয়ে কথাবার্তা বলতো। ফোন সে শূন্যতা পূরণ করলেও বড় ধরনের মূল্য দিয়ে। তবে ব্রডওয়ে থিয়েটার, কনসার্ট ভেন্যু বা ভাইরাল বেকারির বাইরে ভিন্ন চিত্র দেখা যায়। লারসনের মতে, সেখানে সবাই একই উৎসাহ ভাগ করে নেয় এবং অপেক্ষাটা অনুষ্টানের অংশ হয়ে ওঠে। 'স্পষ্ট অপেক্ষা'-র কেন্দ্রীয় পরিহাস এখানেই: সুপারমার্কেটে লারসনকে বিষণ্ণ করে তোলা ফোনটিই বেকারির লাইনকে সামাজিক অনুষ্ঠানে পরিণত করে। জেন জি নিজেদের বিচ্ছিন্ন করার জন্য মাথা নত করে না; বরং অপেক্ষার মুহূর্ত পোস্ট করে তাকে কনটেন্ট বানায়, লাইনে উপস্থিতিকে শ্রোতামন্ডলীর কাছে প্রচার করে। ফোন এক ধরনের সামাজিক অপেক্ষা শেষ করে আরেকটির সৃষ্টি করেছে। স্প্রিংকল কেকের জন্য এক ঘণ্টা অপেক্ষাকে আধুনিক বাতিক মনে হলেও এই আচরণ পুরনো। ভেবলেন অভিজাতদের কথা লিখেছিলেন যারা দামী পণ্যের মাধ্যমে মর্যাদা প্রদর্শন করতেন। এখন সেই একই প্রবৃত্তি ছোট পরিসরে ও গণতান্ত্রিক রূপ পেয়েছে। ভাইরাল লাইনের জন্য বংশগত সম্পদের দরকার হয় না, প্রয়োজন একটি পোস্ট করার মতো ফোন আর সময়। এটাকে 'গণপ্রজাতন্ত্রী দম্ভ' বলা যায়, যেখানে অভিজাত প্রদর্শনের চিহ্ন এখন সময় দিতে ইচ্ছুক সবার জন্য উন্মুক্ত। অর্থ নয়, এখানে দুর্লভ সম্পদ হলো সময়, আর অপেক্ষার পোস্ট হলো তা প্রকাশ্যে ব্যয় করার মাধ্যম। ব্যবসার জন্য, এই সংকেত দ্বিমুখী। অধ্যাপক কুমার জানান, পণ্যের গুণমান সম্পর্কে ধারণা না থাকলে লম্বা লাইন একটি ইতিবাচক ধারণা তৈরি করে, এবং অ্যাপলের পণ্য উন্মোচন যেমন ইচ্ছাকৃতভাবে এই যুক্তি কাজে লাগায়। তবে এই সংকেত বিশ্বাসযোগ্য না হলে দ্রুত ভেঙে পড়ে। যখন ক্রেতারা মনে করেন যে লাইনটি প্রকৃত দুর্লভতার বদলে অপরিশোধিত পরিচালনার ফল, তখন এক্সক্লুসিভিটি অপারগতা হিসাবে ধরা পড়ে। অপেক্ষা শুধু কেনার আগের অভিজ্ঞতা নয়, এটি পরবর্তী মূল্যায়নও বদলে দিতে পারে। কুমার বলছেন, ব্রডওয়ে বা খেলার অনুষ্টানের আগে সময় বিনিয়োগ করলে পুরস্কারটি বেশী মুল্যবান মনে হয়, কারণ ক্রেতা অপরিবর্তনীয় সময়ের বিনিয়োগ করেছেন। তবে স্বেচ্ছায় ও বাধ্যতামূলক অপেক্ষার মধ্যে বড় ফারাক আছে। ফিফা বিশ্বকাপের টিকিট কেনার লাইন যেমন উত্তেজনা তৈরি করে, তেমনি স্টেডিয়ামে প্রবেশে কার্যকরী ত্রুটিজনিত দীর্ঘ অপেক্ষা সেই একই সমর্থককে হতাশ করে। 'স্পষ্ট অপেক্ষা'-র চালিকাশক্তি হিসেবে কাজ করা ভেবলেনিয় প্রবৃত্তি বাস্তব, কিন্তু সেটি তখনই টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রেতা বিশ্বাস করে অপেক্ষা সার্থক। যখন সেই বিশ্বাসে চির ধরে, লাইন আর সংকেত নয়, অভিযোগ হয়ে ওঠে। ভেবলেন ভাবতেন মর্যাদা বিক্রির জন্য। এখন ক্রমবর্ধমানভাবে, তা অপেক্ষার জন্য।