চল্লিশ বছর বয়স পার করার পর শরীরের পুষ্টির চাহিদা বাড়ে। এই বয়সে হালকা ও পুষ্টিকর খাবারই বেশি উপকারী। এমনই একটি তেল ছাড়া লেমন সয়ামিটের রেসিপি শেয়ার করেছেন জেবুন্নেসা বেগম। উপকরণ হিসেবে প্রয়োজন গাজর (আধা কাপ), পেঁপে (আধা কাপ), বরবটি (আধা কাপ), চিকেন স্টক (২ কাপ), আদাকুচি (১ চা-চামচ), রসুনের কোয়া (৪টি বড়), পেঁয়াজ (১টি), সয়া সস (১ টেবিল চামচ), গোলমরিচের গুঁড়া (১ চা-চামচ), কাঁচা মরিচ লম্বা ফালি করা (৪টি), লবণ (সামান্য), লেবুর রস (১ টেবিল চামচ) এবং ধনেপাতাকুচি (১ টেবিল চামচ)।
প্রস্তুত প্রণালি খুবই সহজ। প্রথমে গাজর, পেঁপে ও বরবটি টুকরা করে নিতে হবে। ইচ্ছে করলে পছন্দমতো অন্য সবজিও যুক্ত করা যায়। একটি পাত্রে চিকেন স্টক নিয়ে তাতে আদাকুচি, রসুনের কোয়া বা টুকরা, পেঁয়াজের টুকরা এবং সবজির টুকরা দিয়ে চুলায় বসাতে হবে। ১৫ মিনিট ফুটানোর পর সয়া সস ও গোলমরিচের গুঁড়া যোগ করতে হবে। আরও ৫ মিনিট পর বিচি ছাড়ানো কাঁচা মরিচের ফালি, সামান্য লবণ ও লেবুর রস দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। পরিবেশনের আগে ধনেপাতাকুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও পুষ্টিকর এই স্যুপ। এটি তেলমুক্ত হওয়ায় স্বাস্থ্য সচেতনদের জন্য বিশেষভাবে উপযোগী।




