চট্টগ্রামের আনোয়ারায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও স্বত্বাধিকারীকে চাঁদা না পেয়ে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের রাঙাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলী শাহরিয়ার আমির এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন।
আহত প্রকৌশলী শাহরিয়ার আমির জানান, আলী হোসেন নামের এক ব্যক্তি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি ব্যবসা করতে হলে ৫০ শতাংশ লভ্যাংশ দিতে হবে বলেও হুমকি দিতেন। সেই দাবি না মেনে দেওয়ায় আজ সকালে আলী হোসেনের নেতৃত্বে একদল লোক দেশি অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পথ আটকে মারধর শুরু করে। এতে শাহরিয়ার আমির ও দেলোয়ার হোসেন আহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ বলেছেন, আলী হোসেন যুবদলের কোনো পদে নেই বলেও জানান তিনি। চাঁদা দাবির বিষয়েও তার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।
অপরদিকে, মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, আলী হোসেনের যন্ত্রণায় তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। সর্বশেষ আজ তাদের ওপর হামলা চালানো হলো।
অভিযুক্ত আলী হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা ঘটনাস্থল এবং আলী হোসেনের বাড়িতে গিয়েছিলেন। তবে তিনি বাড়িতে ছিলেন না। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




