বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের প্রায় সাত দিন পর লিওনেল মেসিকে প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল। এখনো মাঠে ফেরেননি তিনি, তবে খেলার মাঠেই উপস্থিত ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপ শেষে নিজ দেশে ফিরে রোজারিওতে অবস্থান করছেন মেসি। শনিবার সন্ধ্যায় রোজারিও সংলগ্ন অরোইয়ো সেকো শহরে গিয়ে লিওনেস এফসির একটি ম্যাচ উপভোগ করেন তিনি। এই ক্লাবটি পরিচালনা করে মেসির পরিবার। আর্জেন্টাইন রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিওর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ব্যালকনিতে কালো হুডি পরে দাঁড়িয়ে আছেন মেসি। এ সময় দর্শকরা তাঁর নাম ধরে স্লোগান দিতে থাকলে তিনি স্মিত হাসিতে তাদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। রেডিও স্টেশনটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, ‘মেসি অরোইয়ো সেকোতে এসেছিলেন এবং কাদেনা ৩-এর জন্য একটি বিশেষ শুভেচ্ছা রেখে গেছেন। লিওনেসের ম্যাচ দেখতে তিনি সেখানে উপস্থিত ছিলেন।’
১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সিতে স্পেনের কাছে ফাইনালে হারের পর এটি ছিল মেসির প্রথম প্রকাশ্যে আসা। পরাজয়ের দুই দিন পর তিনি আর্জেন্টিনায় ফিরে আসেন। তবে দেশের অন্যান্য ফুটবলারদের সঙ্গে একই বিমানে ফেরেননি তিনি, ফলে গত কয়েক দিন তাঁকে বাসার বাইরে কোথাও দেখা যায়নি। লিওনেস এফসি প্রতিষ্ঠা করেছে মেসির পরিবার। ক্লাবটির সভাপতি তাঁর বড় ভাই মাতিয়াস মেসি। বর্তমানে দলটি আর্জেন্টিনার চতুর্থ বিভাগে খেলছে এবং তাদের হোম ভেন্যু অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়াম।
অপরদিকে, আগামী সপ্তাহের এমএলএস অল-স্টার ম্যাচেও মেসিকে দেখা যাবে না বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। গত বছর অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় ইন্টার মায়ামির এই তারকা শাস্তির মুখে পড়েছিলেন। সাধারণত চোট না থাকলে অল-স্টার ম্যাচে অংশ নেওয়া বাধ্যতামূলক। তবে এবার বিশ্বকাপ এমএলএস মৌসুমের মাঝপথে হওয়ায় লিগ সাত সপ্তাহের বিরতিতে ছিল। কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, যেসব খেলোয়াড় নিজ দেশের হয়ে বিশ্বকাপের শেষ পর্যায় পর্যন্ত খেলেছেন, তাদের অল-স্টার ম্যাচে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। সেই সিদ্ধান্তের আওতায় মেসিও ছাড় পেয়েছেন।




