দক্ষিণ ইউরোপে চলমান তীব্র তাপপ্রবাহের ফলে স্পেনের আলমেরিয়া প্রদেশের লস গ্যালার্ডোস এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের বরাত দিয়ে জানা গেছে, এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া ছয়জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে কয়েকজনকে আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার কারণে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত নিকটবর্তী বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ এখনও আগুনের কারণ নিশ্চিত করেনি।
আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো এ ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করে শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমাদের মন ভারাক্রান্ত এবং আমরা শোকে বিধ্বস্ত।’
বেদার নামক এলাকায় প্রায় ১৫০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আহতদের মধ্যে একজনের শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরেকজন পুড়ে আহত হয়েছেন। ভারী ধোঁয়ার কারণে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা জানিয়েছে, আগুনের কারণে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রায় ১,০০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগামী গ্রীষ্মে দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছিলেন বলে সংবাদমাধ্যম জানিয়েছে। এদিকে, বড় জরুরি অবস্থায় মোতায়েন করা স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট (ইউএমই) লস গ্যালার্ডোসে আগুন নেভানোর কাজে যোগ দেবে বলেও জানানো হয়েছে।
গত জুন মাসে স্পেনে দৈনিক গড় তাপমাত্রা ১৯৫০ সালের পর সর্বোচ্চ এবং ওই মাসে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস ছিল। গত বছর স্পেনে রেকর্ড ৩ লাখ ৯৩ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা ২০০৬ থেকে ২০২৪ সালের গড়ে পোড়া স্প্যানিশ বনভূমির ছয় গুণেরও বেশি।
কোপারনিকাস জলবায়ু পরিষেবার মতে, জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং ইউরোপ সবচেয়ে দ্রুত উষ্ণায়নশীল মহাদেশ, যা বিশ্ব গড়ের দ্বিগুণ হারে উষ্ণ হচ্ছে। এর ফলে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ, পানির সংকট এবং তীব্র দাবানল বাড়ছে। গত বছর ইইউতে রেকর্ড ১০ লাখ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে যায়, যা ছিল ২০০৬ সালের পর সবচেয়ে খারাপ দাবানল মৌসুম।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের একটি পৃথক গবেষণায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানল মৌসুমের অবনতিকে সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আগামী দিনে ইউরোপে আরও ঘন ঘন ও তীব্র দাবানল দেখা দিতে পারে।




