লক্ষ্মীপুরের মেঘনা উপকূলের জেলে-পল্লীর কিশোর বাদশা বেপারী। নদীভাঙন আর চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অবশেষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বসতে পেরেছে সে। লক্ষ্মীপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে বাদশা। উপকূলের প্রতিকূল পরিবেশ পেরিয়ে বাদশার এই শিক্ষাযাত্রা এখন এলাকার অন্য শিশুদের জন্য এক বিরল উদাহরণ তৈরি করেছে।

বাদশা মেঘনা উপকূলের সুবিধাবঞ্চিত জেলে-পল্লীতে আলো ছড়ানো বিদ্যাপীঠ মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী। প্রথম আলো ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত এই বিদ্যালয়টি উপকূলের ধীবর পরিবারের সন্তানদের সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত শিক্ষা দিয়ে আসছে। সেখান থেকেই বাদশার প্রাথমিক শিক্ষার শক্ত ভিত গড়ে ওঠে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে বাদশা বেপারী বলে, 'নদীর পাড়ের অভাবী পরিবারে পড়াশোনা চালিয়ে যাওয়া আমার জন্য প্রায় অসম্ভব ছিল। তবে ধীবর আলোর পাঠশালার শিক্ষকদের সহায়তায় আমি আজ এতদূর আসতে পেরেছি। লক্ষ্মীপুর সরকারি কলেজে ভর্তি হওয়ার পর আমার স্বপ্ন আরও বেড়ে গেছে। আমার লক্ষ্য এইচএসসিতে ভালো ফল করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।'

মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক মোঃ শোয়াইব হোসেন জানান, ছোটবেলা থেকেই বাদশা অত্যন্ত মেধাবী ও অধ্যাবসায়ী। মেঘনার বুকে ঝড়-ঝাপটা উপেক্ষা করে সে যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। তার এই অগ্রযাত্রা প্রমাণ করে যে, সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে উপকূলের প্রান্তিক শিশুরাও অনেক দূর এগিয়ে যেতে পারে। স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা বাদশার এই স্বপ্নযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।