পৃথিবীর মিঠাপানির মধ্যে সবচেয়ে বড় মাছ হলো বেলুগা স্টারজন, যার দৈর্ঘ্য ২৬ ফুটের বেশি এবং ওজন দুই মেট্রিক টন পর্যন্ত হতে পারে। ওয়ার্ল্ড স্টারজন কনজারভেশন সোসাইটি ও ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের যৌথ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইউরোপ ও এশিয়ার সীমান্তবর্তী কৃষ্ণ সাগর, আজভ সাগর ও কাস্পিয়ান সাগর এবং এসবের সঙ্গে যুক্ত নদীগুলো এ মাছের মূল আবাসস্থল।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট নদীতে একটি লেক স্টারজন মাছ ধরা পড়ে, যার ওজন ছিল ১০৯ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। তিনজন জীববিজ্ঞানী মিলে মাছটি উদ্ধার করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর নদীতে ছেড়ে দেন। গবেষকদের মতে, মাছটির বয়স ১০০ বছরের বেশি হতে পারে। তবে এটি বেলুগা স্টারজনের তুলনায় অনেক ছোট।
পূর্ণাঙ্গ একটি বেলুগা স্টারজনের দৈর্ঘ্য চারটি সাধারণ বিছানার সমান। আইইউসিএনের তথ্য অনুযায়ী, বিশাল এই মাছ জলজ খাদ্যশৃঙ্খলে শীর্ষস্থানীয়। এরা কার্প জাতীয় মাছ, জলজ পাখি এমনকি ছোট সিলও শিকার করতে পারে। বেলুগা স্টারজনের দীর্ঘ আয়ু এদের বিশাল আকারের অন্যতম কারণ। এই প্রজাতি ১০০ বছরের বেশি বাঁচতে পারে। স্টারজন মাছের ইতিহাস ২৫ কোটি বছরের বেশি পুরনো, অর্থাৎ ডাইনোসরের সময় থেকে এরা পৃথিবীতে বিদ্যমান।
ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যার সহযোগী অধ্যাপক লিওনার্দো কঙ্গিওর মতে, বড় আকারের স্ত্রী স্টারজন ছোটদের তুলনায় বেশি ডিম পাড়তে পারে, যা বংশবিস্তারে সুবিধাজনক। বড় আকৃতি শিকারীদের হাত থেকে রক্ষা করে এবং শিকার ধরতেও সহায়তা করে। অতিরিক্ত মাছ ধরা ও বাঁধ নির্মাণের কারণে ইতালির নদীগুলো থেকে বেলুগা স্টারজন পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই প্রজাতিকে পুনরায় ফিরিয়ে আনতে অধ্যাপক কঙ্গিও ও তাঁর সহকর্মীরা ২০২১ সালের জানুয়ারিতে 'ডাইভারসিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশনস' জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন।
আইইউসিএনের বিপন্ন প্রজাতির লাল তালিকায় বেলুগা স্টারজন বিলুপ্তির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। পূর্ণবয়স্ক স্ত্রী বেলুগা মাছের ডিম অত্যন্ত মূল্যবান, যা থেকে বিখ্যাত 'ক্যাভিয়ার' তৈরি হয়। প্রতি কেজি ক্যাভিয়ারের দাম আট হাজার ডলারের বেশি। এই চাহিদাই প্রজাতিটির অস্তিত্ব সংকটের মূল কারণ। বর্তমানে কৃত্রিম উপায়ে খামারে ক্যাভিয়ার উৎপাদন করা হলেও বন্য বেলুগা স্টারজন নিরাপদ নয়। একটি ছোট মাছ পূর্ণবয়স্ক হয়ে দানবীয় আকারে পৌঁছাতে কয়েক দশক সময় লাগে।
বর্তমানে সবচেয়ে বড় স্টারজন প্রজাতি হিসেবে হোয়াইট স্টারজন বিবেচিত হয়, যা যুক্তরাষ্ট্রে আইনিভাবে ভালো সুরক্ষায় রয়েছে। বেলুগা ও হোয়াইট স্টারজন সম্পূর্ণ মিঠাপানির মাছ নয়। এরা নদীতে জন্ম নেয় এবং ডিম পাড়ার জন্য নদীতে ফিরে আসে, তবে জীবনের বড় অংশ কাটায় সমুদ্রের লোনা পানিতে—ঠিক যেমনটি ইলিশ মাছ করে। পুরোপুরি মিঠাপানিতে বসবাসকারী সবচেয়ে বড় মাছ হলো মেকং জায়ান্ট ক্যাটফিশ, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার মেকং নদীতে পাওয়া যায়। পাঙাশ মাছের জাতভাই এই প্রজাতি ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। অতীতে ২৯৩ কেজি ওজনের মেকং ক্যাটফিশ ধরার রেকর্ড রয়েছে। তবে বাঁধ ও অতিরিক্ত মাছ ধরার কারণে এই প্রজাতিও মহাবিপন্ন হিসেবে তালিকাভুক্ত হয়েছে।




