সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে আবেদন জমা দেওয়ার সময়সীমা বেড়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, এখন ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। দেশের কয়েকটি অঞ্চলে বিদ্যমান প্রতিকূল আবহাওয়া ও অনিবার্য কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত শনিবার সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুবের স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন ও পূর্বে জমা দেওয়া সব আবেদনপত্র যাচাই-বাছাই, মূল্যায়ন এবং পরীক্ষা শেষ করে ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। যে সব এলাকায় বর্তমানে পরীক্ষা গ্রহণের কার্যক্রম চলমান, সেখানে তা অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে। তবে স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন ও পুরোনো সব আবেদনকারীর জন্য একযোগে পরীক্ষা আয়োজন করতে পারবে।

এ ছাড়া ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষাগুলোর বিষয়ে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা স্থগিত বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে প্রদান করা হয়েছে। তবে যদি কোনো এলাকায় পরীক্ষা চালিয়ে নেওয়া হয়, তবে পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য পৃথকভাবে আরেকটি পরীক্ষা আয়োজন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার কোনো সুযোগ নেই বলেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত মানবণ্টন অনুযায়ী প্রার্থীদের মূল্যায়ন করা হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড প্রকল্পটি সুষ্ঠুভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্যসচিব এবং সব সংশ্লিষ্টকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।