নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় খালের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে আজ রোববার দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) এবং তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া কার্তিকাহার গ্রামের শাহিন ইসলামের মেয়ে। মাত্র ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে কার্তিকাহার গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। আজ দুপুর প্রায় ১টার দিকে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত একটি খালে গোসল করতে নামেন তিনি। সে সময় খালের পাড়েই দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী সুমাইয়া। হঠাৎ করেই নূর ইসলাম খালের পানিতে তলিয়ে যেতে থাকেন। স্বামীকে বিপদে পড়তে দেখে সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য খালে ঝাঁপ দেন সুমাইয়া। কিন্তু তিনিও পানিতে ডুবে নিখোঁজ হন।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ডুবে যাওয়ার প্রায় ৩০ মিনিট পর দুজনকে খাল থেকে উদ্ধার করা হয়। এরপর তাঁদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কাজী তাহরিমা আক্তার জানান, স্থানীয় লোকজন দুজনকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হন যে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, এই মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




