স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার সাতক্ষীরার বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। এই সফরে কর্মস্থলে অনুপস্থিতির কারণে দুইজন চিকিৎসক এবং চুরির দায়ে একজন নৈশপ্রহরীকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মন্ত্রী। সেখানে অনুমোদিত ছুটি না নিয়ে দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকার অপরাধে চিকিৎসক তন্নীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত এক নাইটগার্ডকেও একই শাস্তি দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী। সেখানে বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও ওয়াশরুম ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন। এই হাসপাতালে এক মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে চিকিৎসক সোহানা সেলিমকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খুদরত-ই-খুদা, সিভিল সার্জন আবদুস সালাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান ও সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, দেশে রোগীর সংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যসেবায় নানা সংকট দেখা দিয়েছে। তবে সরকার ধাপে ধাপে এসব সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় রূপান্তরিত করা হবে। প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে সেখানে ডায়ালাইসিস সুবিধাও চালু হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।