জীবনের জটিলতা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে নামাজকে এক অদ্বিতীয় আত্মিক চিকিৎসা হিসেবে গণ্য করা হয়। ওজুর সময় ঠান্ডা পানির স্পর্শে ক্লান্ত স্নায়ুগুলো যেমন শান্ত হয়, তেমনি জায়নামাজে দাঁড়িয়ে সব চিন্তা দূরে সরিয়ে সৃষ্টিকর্তার সঙ্গে নিবিড় ধ্যানে মগ্ন হওয়ার মাধ্যমে জাগতিক তাড়না ও অহংকারকে দূরে রাখা সম্ভব হয়। প্রতিদিন পাঁচবার এই অনুশীলন জীবনের প্রকৃত লক্ষ্যকে স্মরণ করিয়ে দেয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, "নিশ্চয়ই আমিই আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই; অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ কায়েম করো" (সুরা ত্বহা, আয়াত: ১৪)।

নবীজি (সা.) এক হাদিসে পাঁচ ওয়াক্ত নামাজের উপমা দিয়েছেন—কারও বাড়ির সামনে নদী থাকলে এবং প্রতিদিন পাঁচবার গোসল করলে শরীরে ময়লা থাকবে না। তেমনই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার গুনাহ মুছে দেয় (সহিহ বুখারি, হাদিস: ৫২৮)।

দিন ও রাতের ২৪ ঘণ্টাকে আল্লাহ এমন কিছু বিরতিতে ভাগ করেছেন যা মানুষের মনস্তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফজরের নামাজ ভোরের আলো ফোটার আগে, যখন পৃথিবী তখনও নিস্তব্ধ, তখন আল্লাহর সঙ্গে একান্ত আলাপের সুযোগ তৈরি করে। এই সময়ে নামাজ পড়লে সারাদিনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকে। কোরআনে বলা হয়েছে, "...এবং ভোরের নামাজ কায়েম করো; নিশ্চয়ই ভোরের নামাজ (ফেরেশতাদের দ্বারা) প্রত্যক্ষ করা হয়" (সুরা বনি ইসরাইল, আয়াত: ৭৮)।

কর্মব্যস্ত দুপুরে জোহরের নামাজ বিরতি এনে দেয়। যখন কাজের চাপে মাথা জ্যাম হয়ে যায়, তখন আজান থামার আহ্বান জানায়। জায়নামাজে দাঁড়িয়ে কর্মক্ষেত্রের সব চাপ দূর হয় এবং নামাজ শেষে ডেস্কে ফিরে মনোযোগ বহুগুণ বেড়ে যায়। এরপর বিকেলে মানবদেহে প্রাকৃতিক অলসতা ও ঝিমুনি ভর করলে আসরের নামাজ আবার সতেজতা আনে। ইসলামে এই মধ্যবর্তী নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে, "তোমরা নামাজসমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের (আসরের)..." (সুরা বাকারা, আয়াত: ২৩৮)। হাদিসে বলা হয়েছে, "যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, তার যেন পরিবার-পরিজন ও ধন-সম্পদ সবকিছুই ধ্বংস হয়ে গেল" (সহিহ বুখারি, হাদিস: ৫৫৩)।

সারাদিনের খাটুনি শেষে সূর্যাস্তের সময় মাগরিবের নামাজ কৃতজ্ঞতা প্রকাশের উপযুক্ত সময়। এই ক্ষণস্থায়ী গোধূলিতে আল্লাহর সামনে মাথা নত করা অহংকার দূর করে। রাতে ঘুমানোর আগে এশার নামাজ মনকে শান্ত ও নিরাপদ করে তোলে। দিনের ভুলের জন্য ক্ষমা চেয়ে এই নামাজ গভীর ও দুঃস্বপ্নমুক্ত ঘুমে সহায়তা করে। দিন শুরু হয় সেজদা দিয়ে এবং শেষও হয় সেজদা দিয়ে—এই ঐশ্বরিক প্রতিসাম্যই মুমিনের জীবনে প্রশান্তির বৃত্ত রচনা করে।

পাঁচ ওয়াক্তের এই নির্দিষ্ট বিন্যাস মানুষের মানসিক চাহিদার সঙ্গে নিখুঁতভাবে মেলে। কোরআনে বলা হয়েছে, "নিশ্চয়ই মুমিনগণ সফলকাম হয়েছে, যারা নিজেদের নামাজে বিনম্র ও একাগ্র থাকে" (সুরা মুমিনুন, আয়াত: ১-২)।