প্রায় এক দশকের ব্যবধানে রিহানা নতুন অ্যালবাম নিয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তার জীবনসঙ্গী এএসএপি রকি। বুধবার দ্য জেসন লি পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন তিনি।
পডকাস্টে জেসন লি প্রশ্ন তোলেন, 'আমাদের অ্যালবাম না পাওয়ার জন্য কি আপনি দায়ী?' রিহানার ব্যস্ত ভ্রমণসূচি ও তাদের তিন সন্তানের কথা উল্লেখ করে তিনি রকির কাছে এই প্রশ্ন রাখেন। জবাবে রকি এই অভিযোগ অস্বীকার করে বলেন, 'তিনি এই মুহূর্তে স্টুডিওতে কাজ করছেন।'
রকি জানান, তিনি রিহানাকে নিয়ে অ্যালবাম তৈরির পরিকল্পনা করছেন না। ডাবল অ্যালবামের গুঞ্জন নাকচ করে তিনি বলেন, 'তিনি রান্নাঘরে আছেন'—রিহানার নতুন গানের কাজের প্রতি ইঙ্গিত করে। পডকাস্টে রকি হাসতে হাসতে বলেন, 'হ্যাঁ, আমি বলে দিয়েছি, সরি বেব। আমি এ জন্য হয়তো সমস্যায় পড়ব।'
গত বছরের ফেব্রুয়ারিতে হার্পারস বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে রিহানা নিজেও নতুন অ্যালবাম নিয়ে আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন, 'আমার মনে হচ্ছে অবশেষে আমি কিছু পেয়ে গেছি।' তিনি আরও যোগ করেন, 'আট বছর অপেক্ষার পর আরও কিছুদিন অপেক্ষা করলেই হয়। আমি মধ্যম মানের কিছু দিতে চাই না।'
রিহানার শেষ পূর্ণাঙ্গ অ্যালবাম 'অ্যান্টি' প্রকাশিত হয় ২০১৬ সালে। এরপর থেকে তিনি বেশ কয়েকটি একক গান প্রকাশ করেছেন, যার মধ্যে ২০২২ সালের 'লিফট মি আপ' ছবি 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার'-এর জন্য উল্লেখযোগ্য। এ ছাড়াও তিনি ফেন্টি বিউটি ও অন্তর্বাস কোম্পানিসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ফোর্বসের মতে, ৩৮ বছর বয়সী এই গায়িকা ও মডেলের মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারের বেশি।
পডকাস্টে এএসএপি রকি রিহানার সঙ্গে তার বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রকি, যার আসল নাম রাকিম মেয়ার্স, তার সর্বশেষ অ্যালবাম প্রকাশের পর থেকে তিন সন্তানের বাবা হয়েছেন, চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং আদালতেও হাজিরা দিয়েছেন।




