জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় সংঘটিত এক নৃশংস ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। শনিবার ভোরে উপজেলার মহব্বতপুর সরদারপাড়া এলাকার পদ্মপুকুর ব্রিজের অদূরে একটি কাঁচা রাস্তা থেকে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মো. বাদশা (২৫) নামের এক যুবককে মৃত অবস্থায় পাওয়া যায়, অপরজন মাজেদুল ইসলাম (১৮) গুরুতর আহত অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কৃষকরা মাছ ধরার উদ্দেশ্যে এলাকায় যাওয়ার পথে কাঁচা রাস্তার ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। নিহত বাদশা নলপুকুর আদর্শ গ্রামের জামাল উদ্দিনের ছেলে বলে পরিচয় মিলেছে। আহত মাজেদুল ইসলাম একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

আহত মাজেদুলের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন দুর্বৃত্ত তাদের দুজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাদের একটি বাড়িতে আটকে রাখা হয়। গভীর রাতে মোটরসাইকেলে করে তাদের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় নিয়ে যায় হামলাকারীরা। সেখানে পাশের এলাকার নয়জন মিলে তাদের ওপর নির্যাতন চালায়। একপর্যায়ে মাজেদুল জ্ঞান হারিয়ে ফেলেন।

সকালে কয়েকজনের ডাকাডাকিতে জ্ঞান ফিরলে তিনি পাশে বাদশাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মাজেদুল জানান, হামলাকারীদের নাম তিনি জানেন না, তবে চেহারা দেখে চিনতে পারবেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে। আহত যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।