মানিকগঞ্জে জমি-সংক্রান্ত পুরোনো বিরোধের জের ধরে এক ব্যক্তিকে অস্ত্র মামলায় জড়ানোর জন্য তাঁর বাড়ির পাশে দুটি পাইপগান গোপনে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। কিন্তু সেই ফাঁদের জালে নিজেরাই জড়িয়ে পড়লেন পরিকল্পনাকারী দুই যুবক। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যজন এখনও পলাতক। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে।
সূত্র অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ডিবির একটি দল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। সে সময় মো. দিনা ওরফে দিদার (৩২) পুলিশকে জানান যে, মানিকগঞ্জ পৌর এলাকার বরাই গ্রামে রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুটি পাইপগান রয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির সদস্যরা দিদারকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রামপ্রসাদের বাড়িতে যান। সেখানে প্রথমে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
পরবর্তীতে গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে রামপ্রসাদের বাড়ির পাশের সেপটিক ট্যাংকের কাছে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান পাওয়া যায়। অস্ত্র উদ্ধারের পর দিদারের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ডিবি সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিদার স্বীকার করেন যে পূর্বশত্রুতার কারণে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর জন্য তিনি ও মো. স্বাধীন (৩৮) সেখানে পাইপগান দুটি পুঁতে রেখেছিলেন।
এই স্বীকারোক্তির পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয় এবং ঘটনাস্থল থেকেই দিদারকে আটক করা হয়। তাঁর দেখানো স্থান থেকে উদ্ধার হওয়া অস্ত্র দুটি জব্দ করা হয়। পরবর্তীতে তাঁদের দুজনের বিরুদ্ধে থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃত মো. দিনা ওরফে দিদারের (৩২) বাড়ি সদর উপজেলার দেড়গ্রাম গ্রামে। পলাতক আসামি মো. স্বাধীনের (৩৮) বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার বরাই এলাকায়। জেলা ডিবি পুলিশের কার্যালয় ও বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।
এই বিষয়ে জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মানবেন্দ্র মানব প্রথম আলোকে খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দিদারের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




