দেশের সৃজনশীল অর্থনীতি খাতকে সুসংহত ও পরিচালনার লক্ষ্যে একটি জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
চলচ্চিত্র, সংগীত, নাটক, প্রকাশনা, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার এবং ভিডিও গেমসহ নানা ক্ষেত্রকে সৃজনশীল অর্থনীতির অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়। ইতোমধ্যে বাজেটে এই খাতের উন্নয়নে কয়েক শ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
কমিটিতে স্থান পেয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী। এর বাইরেও সৃজনশীল অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, বেঙ্গল ফাউন্ডেশন এবং ব্র্যাকের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন।
গঠিত এই কমিটির মূল দায়িত্ব হবে সৃজনশীল অর্থনীতি–সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও তার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা। একইসঙ্গে আন্তমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার কার্যক্রমে সমন্বয় এবং দিকনির্দেশনা প্রদান করবে তারা। বিভিন্ন খাতভিত্তিক কমিটির কার্যক্রমও পর্যালোচনা করা হবে। পাশাপাশি ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করাও কমিটির কাজের মধ্যে পড়বে।




