বর্ষার সকালকে রঙিন করতে পারে দেশি খাবারের এক মনোরম আয়োজন। লুচি, আলুর দম ও খেজুর গুড়ের দুধ-চা—এই তিনটি পদ ঘরে বসেই তৈরি করার সহজ পদ্ধতি শেয়ার করেছেন শাহনাজ বেগম।
প্রথমে লুচি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: ময়দা ৬ কাপ (প্রায় ৭২০ গ্রাম), লবণ দেড় চা-চামচ, চিনি এক চা-চামচ, সাদা তেল বা ঘি ৬ টেবিল চামচ, কুসুম গরম পানি প্রায় ২ থেকে ৩ কাপ এবং ভাজার জন্য পর্যাপ্ত সয়াবিন তেল। প্রণালি: ময়দা, লবণ, চিনি ও তেল বা ঘি ভালোভাবে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে শক্ত ও মসৃণ খামির তৈরি করতে হবে। ভেজা কাপড় দিয়ে ঢেকে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর সমান আকারে ২৪ থেকে ৩০টি লেচি করে প্রতিটিতে হালকা তেল মেখে ৪ থেকে ৫ ইঞ্চি ব্যাসের গোল লুচি বেলে নিন। কড়াইয়ে তেল গরম করে প্রতিটি লুচি ছেড়ে হালকা চাপ দিন। ফুলে উঠলে উল্টে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে তুলে ফেলুন।
দ্বিতীয় পদটি হলো আলুর দম। এর জন্য লাগবে: ছোট আলু ১ কেজি (বা বড় আলু ৮-১০টি টুকরা করা), পেঁয়াজবাটা ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, টমেটো পেস্ট ২টি মাঝারি, টক দই আধা কাপ (ঐচ্ছিক), জিরাগুঁড়া এক চা-চামচ, ধনেগুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া এক চা-চামচ, মরিচগুঁড়া এক চা-চামচ (স্বাদমতো), গরমমসলার গুঁড়া এক চা-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, এলাচি ৩টি, লবঙ্গ ৪টি, লবণ স্বাদমতো, চিনি এক চা-চামচ, শর্ষে বা সয়াবিন তেল ১ কাপ, কাঁচা মরিচ ৫টি, পানি ৩ কাপ ও সাজানোর জন্য ধনেপাতাকুচি। তৈরি করার পদ্ধতি: প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচি ও লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজবাটা দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা, রসুন ও টমেটো দিয়ে কষান। সব গুঁড়া মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। দই ব্যবহার করলে ফেটিয়ে দিয়ে আরও ২ মিনিট কষান। ভাজা আলু দিয়ে ৫ মিনিট নাড়ুন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। শেষে গরমমসলা, চিনি, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ২ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন। লুচির সঙ্গে এই আলুর দম পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
শেষ পদটি খেজুর গুড়ের দুধ-চা। উপকরণ: পানি ৩ কাপ, তরল দুধ ৩ কাপ, চা-পাতা ৩ টেবিল চামচ, খেজুরের গুড় স্বাদমতো ও এলাচি ৪টি (হালকা থেঁতো করা)। প্রণালি: একটি পাত্রে পানি, এলাচি ও চা-পাতা দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিন। দুধ ঢেলে মাঝারি আঁচে আরও ৫ থেকে ৭ মিনিট ফুটতে দিন। চুলা বন্ধ করে ১ থেকে ২ মিনিট অপেক্ষা করুন যাতে চা সামান্য ঠান্ডা হয়। এরপর খেজুরের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে গুড় গলিয়ে নিন। ছেঁকে গরম-গরম পরিবেশন করুন।
এই তিনটি পদ সহজেই ঘরে তৈরি করা যায় এবং বর্ষার সকালকে স্মরণীয় করে তুলতে পারে।

