পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির বৈবাহিক জীবনে ভাঙনের গুঞ্জন শুরু হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই তারকা জুটি। তবে বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই তাদের আলাদা থাকার খবর ছড়িয়ে পড়ে। কয়েক দিন ধরে এই নিয়ে নানা জল্পনা চললেও রণজয় বা শ্যামৌপ্তি কেউই কিছু জানাননি। অবশেষে নীরবতা ভেঙে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রণজয়।

শুটিং সেট থেকেই ভিডিওটি শেয়ার করেন তিনি। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, তিনি কখনো ভাবেননি এই বিষয়ে কথা বলতে হবে। তাঁর মতে, যে কাদা-ছোড়াছুড়ি চলছে তা কাম্য নয়। ভালোবেসে বিয়ে করেছেন তারা। ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলতে তিনি আগ্রহী নন। বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। একজন নারীকে নিয়ে কথা বলার আগে সবাইকে ভেবে দেখার অনুরোধ জানান। যে ধরনের কথা বলা হয়েছে, সেগুলো শ্যামৌপ্তির প্রাপ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিচ্ছেদের কারণ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে রণজয় বলেন, তারা বিয়ে করেছেন। তাদের মধ্যে যা-ই হোক, তারা নিজেরাই বুঝে নেবেন। কারও কাছে কিছু প্রমাণ করার কোনো দায় আছে কি? তিনি করজোড়ে অনুরোধ করেন, তাদের বাঁচতে দেওয়া হোক। তাদের মতো ছেড়ে দেওয়া হোক। দম নেওয়ার জায়গা চান তিনি। মিথ্যা রটনা আর সহ্য করতে পারছেন না বলে জানান।

শুধু শ্যামৌপ্তির সঙ্গেই নয়, রণজয়ের সহ-অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গেও সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। তবে রণজয়ের দাবি, এই রটনার কোনো প্রমাণ নেই। তিনি বলেন, তাদের ব্যক্তিগত জীবন, ভালো থাকা-খারাপ থাকা—সবকিছু তারা নিজেরাই বুঝে নেবেন। যা হচ্ছে, সেটা তারা ডিজার্ভ করেন না।