চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে যমজ ভাই-বোন আহাদ খান ও লামিয়া আক্তার। উপজেলার পাঁচগড়িয়া গ্রামের ব্যবসায়ী হেলাল উদ্দিন খান ও গৃহিণী ফারজানা আক্তার দম্পতির সন্তানরা স্থানীয় আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে। একই পরিবারের যমজ দুই সন্তানের এমন সাফল্যে উচ্ছ্বসিত স্বজন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আহাদ ও লামিয়া সারা বছর একই বিদ্যালয়ের একই শাখায় পড়াশোনা করেছে। একসঙ্গে পরীক্ষা দিয়ে উভয়েই জিপিএ-৫ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। তাদের সাফল্যের কৃতিত্ব তারা বিদ্যালয়ের শিক্ষক এবং মা-বাবাকে দিয়েছেন। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে যমজ ভাই-বোন।

তাদের বাবা মো. হেলাল উদ্দিন খান জানান, দুই সন্তান একসঙ্গে জন্মেছে, একসঙ্গে বেড়ে উঠেছে এবং এবার একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছে। দুজনের এমন কৃতিত্বে গোটা পরিবার আনন্দিত। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম যমজ দুই শিক্ষার্থীর সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, এবার বিদ্যালয়টি থেকে মোট ৯৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৭৫ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৮ জন। ফলে বিদ্যালয়টির পাসের হার ৭৫ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে, আহাদ ও লামিয়া ছাড়াও একই উপজেলায় এবারের পরীক্ষায় আরও এক জোড়া যমজ ভাই-বোন সাফল্য দেখিয়েছে। কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ নামের এই দুই শিক্ষার্থী কেএফটি কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে।