লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাকে না ডাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থানীয় এক নেতা। দলীয় পদ পাওয়ার জন্য বিপুল অঙ্কের অর্থ খরচের কথাও ওই অডিওতে উঠে এসেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ২৫ সেকেন্ডের একটি অডিওর মাধ্যমে এই ঘটনা প্রকাশ পায়।

ওই অডিওতে রামগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশকে স্থানীয় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়ার সঙ্গে কথোপকথনের সময় ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে পলাশ বলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হয়েও অনুষ্ঠানে প্রধান অতিথির মর্যাদা পাননি তিনি। অথচ অন্য একজনকে সেই সম্মান দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মনোয়ার প্রধান অতিথি, আমনে বিশেষ অতিথির ব্যানার কইরছেন। আঁই হানিয়ালা স্কুলে যাই, আঁই পৌর বিএনপির সেক্রেটারি, প্রধান অতিথি ওইতে হারিনো। আমনে কন, পলাইশশা কে?’

মারুফ ভূঁইয়াকে উদ্দেশ করে গিয়াস উদ্দিন আরও বলেন, ‘আমনে কি সাংগঠনিক রাজনীতি বৃদ্ধাঙ্গুলি দিবেননি, মারুফ ভূঁইয়া। আমনে বলে কইছেন, পলাইশশা কে? আমনে যদি সাংগঠনিক রাজনীতি না চর্চা করেন, আমনে ইউনিয়ন বিএনপি কীভাবে করবেন?’ উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে পলাশ বলেন, ‘আঁই পৌর বিএনপির সেক্রেটারি, আমার নাম ব্যানারে আসে নাই, আমনে কন পলাইশশা কে? নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টিয়া খরচ করে হালাইছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পানিওয়ালা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই নেতার এই বিতণ্ডা হয়। অডিওর সত্যতা স্বীকার করে তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া জানান, ঘটনাটি কয়েক মাস আগের হলেও অডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে তা তিনি জানেন না। তিনি বলেন, বিষয়টি তিনি সিনিয়র নেতাদের অবগত করেছিলেন এবং পরে সমাধানও হয়েছে। পলাশ তাকে ‘সরি’ বলেছেন বলেও জানান তিনি।

দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার পর দুই পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে। অন্যদিকে, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন গিয়াস উদ্দিন পলাশ। তিনি জানান, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অডিও তৈরি করা হয়েছে। দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর রামগঞ্জ পৌরসভা বিএনপির সম্মেলনে ভোটে শেখ কামরুল কামরুজ্জামান সভাপতি এবং গিয়াস উদ্দিন ওরফে পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।