ভারতের রেল পুলিশ মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে আরপিএফ (রেলওয়ে সুরক্ষা বাহিনী) কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১২ আগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে আরপিএফ কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে অভিনেত্রী নিজের পোশাক খুলে ব্লেড হাতে হামলা চালান বলে অভিযোগ।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তাঁর কাছে ছিল স্লিপার ক্লাসের টিকিট। সেই টিকিট থাকা সত্ত্বেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কোচে প্রবেশ করেন। বোরিবলি ও ডহানুর মাঝামাঝি এলাকায় রাত প্রায় সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে।
এফআইআর অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করায় ওই যাত্রী বিষয়টি আরপিএফ কর্মীদের জানান। পরে আরপিএফের সহকারী উপ-পরিদর্শক যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অভিযোগ, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী।
পুলিশ জানিয়েছে, একপর্যায়ে অন্তরা নিজের পোশাক খুলে ফেলেন এবং একটি রেজর ব্লেড হাতে নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে শুরু করেন। সেই ব্লেড দিয়ে তিনি এক কর্মীকে আঘাতও করেছেন বলে অভিযোগ। ঘটনার সময় অভিনেত্রী নিজেও আহত হয়েছেন। যামিনীকান্ত মিশ্রের দাবি, তাঁর পোশাক ও মোবাইল ফোনও নষ্ট করেছেন অন্তরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে— এই আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, তখন কামরা থেকে বের হওয়ার জন্য জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন তিনি। পরে ডহানু স্টেশনে পৌঁছালে তাঁকে ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সানি দেওলের দুই ছেলের সঙ্গে অভিনয় করে আগেই আলোচনায় এসেছিলেন এই বাঙালি অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রাম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার ও এই সময় এ খবর প্রকাশ করেছে।




