সিডনি শহরের আদালতে বুধবার এক শুনানিতে আহমেদ আল আহমেদের বিরুদ্ধে আনা গার্হস্থ্য সহিংসতার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন প্রসিকিউটররা। এর আগে, গত মার্চ মাসে দক্ষিণ-পশ্চিম সিডনির বাসভবনে তার বাবার সাথে সংঘটিত একটি ঘটনার জেরে জুন মাসে তার বিরুদ্ধে সাধারণ আক্রমণ, অনুসরণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ অস্বীকার করেছিলেন ৪৪ বছর বয়সী আহমেদ।
আদালতের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলে তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, তিনি এখন একজন 'মুক্ত মানুষ' এবং 'শান্তি' কামনা করেন। জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, তার আইনজীবী মোহাম্মদ সাকর আদালতে জানান, আহমেদের বাবাকে আক্রমণ, হুমকি, অনুসরণ বা ভয়ভীতি প্রদর্শন না করার যে বিধিনিষেধমূলক আদেশ জারি করা হয়েছে, তা কোনো দোষ স্বীকার না করেই মেনে নেওয়া হয়েছে। এই আদেশের আওতায় আগামী ১২ মাস তার বাবার সাথে যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ থাকবে।
উল্লেখ্য, গত বছর সিডনির বন্ডি সৈকতে ইহুদি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করা হয়। সেই ঘটনায় দুই বন্দুকধারীর একজনকে মোকাবেলা করে অস্ত্র কেড়ে নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক মহলে প্রশংসিত হন আহমেদ। তিনি সাজিদ আকরামের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেন, তবে পরে দ্বিতীয় সন্দেহভাজন বন্দুকধারী নাভিদ আকরামের গুলিতে তিনি কয়েকবার আহত হন।
দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই গণহত্যার ঘটনাটিকে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করে পুলিশ। এই ঘটনার পর দিনই আহমেদের জন্য তহবিল সংগ্রহ শুরু হলে ২৫ লাখ অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি (প্রায় ১৭ লাখ মার্কিন ডলার) জমা পড়ে। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন।
আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের খবর আসার মধ্যেই তার দুই ভাইয়ের বিরুদ্ধে আলাদা একটি মামলায় অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আহমেদকে হুমকি এবং তার প্রাপ্ত অনুদানের একটি অংশ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।




