ক্রীড়া টক শো-এর জনপ্রিয় উপস্থাপক প্যাট ম্যাকাফি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে ‘প্যাট্রিয়ট গেমস’-এর ফাইনাল উপভোগ করেছেন। মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই আসরের সমাপনী পর্বে প্রেসিডেন্টের সাথে ম্যাকাফির এই যুক্ত হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ক্লিভল্যান্ডের ভেজা রানওয়েতে প্রথমে দেখা হয় ট্রাম্প ও ম্যাকাফির। সেখানে উভয়েই কুশল বিনিময় করেন এবং সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপর ‘প্যাট্রিয়ট গেমস’-এর ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে একসাথে হেঁটে ক্রীড়াবিদদের একটি দলকে নেতৃত্ব দেন তারা। এসময় আতশবাজি ও বিশেষ আলোকসজ্জার মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানটি দেখতে প্রথম সারিতে বসেছিলেন প্রেসিডেন্ট ও ম্যাকাফি। তাদের পাশেই ছিলেন হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তা ও প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রীড়াবিদেরা। উল্লেখ্য, ম্যাকাফি কখনো নিজেকে ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচয় দেননি। তবে সমালোচকদের মতে, প্রেসিডেন্টের সাথে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। গত বছর সরকারি শাটডাউনের সময় ‘দ্য প্যাট ম্যাকাফি শো’-তে ফোনে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সাবেক এনএফএল খেলোয়াড় ম্যাকাফিকে ট্রাম্প বলেছিলেন, “আপনি আমার সম্পর্কে এত ভালো কথা বলেন বলে আমি শোতে এসেছি।”
ম্যাকাফি অবশ্য ট্রাম্পকে শোতে আনার সমালোচনার জবাবে বলেছিলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সময়ের কারণে তা সম্ভব হয়নি। ভেটেরান্স ডে উপলক্ষে একটি অনুষ্ঠানে ম্যাকাফি বলেছিলেন, “আমার চোখে তিনি সামরিক বাহিনীর প্রধান, এবং আমরা ভেটেরান্স ডে উদযাপন করছিলাম।”
জেনেভার এসপিআইআর অ্যাকাডেমিতে অনুষ্ঠিত মঙ্গলবারের ফাইনালে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী প্রতিযোগী অংশ নেন। ১২০ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া এই আসরে প্রাথমিক পর্ব শেষে এই ১০ জন ফাইনালে পৌঁছায়। চূড়ান্ত পর্বে একজন পুরুষ ও একজন নারী বিজয়ী হবেন এবং প্রত্যেকে ১২৫ হাজার ডলার করে বৃত্তি পাবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য থেকে একজন করে ছেলে ও মেয়ে এবং টেরিটরি ও আদিবাসী জাতিগোষ্ঠী থেকে আরও ২০ জনসহ মোট ১২০ জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী (১৪-১৭ বছর বয়সী) এই প্রতিযোগিতায় অংশ নেয়। ডজবল, কিকবল, সামরিক-অনুপ্রাণিত সার্কিট এবং টাগ অব ওয়ারসহ নানা ইভেন্ট ছিল ‘প্যাট্রিয়ট গেমসে’। ট্রাম্প-সমর্থিত ফ্রিডম ২৫০ সংস্থার আয়োজিত বেশ কয়েকটি কর্মসূচির মধ্যে এটি একটি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে। বৃহস্পতিবার রাতে এবিসি চ্যানেলে ফাইনালটি সম্প্রচারিত হবে।




