বর্তমানে রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-তে অংশ নিচ্ছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে। সেখানে সহপ্রতিযোগী বরুণ যাদবের সঙ্গে কথোপকথনের সময় তিনি জীবনের এক কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেন। শিল্পার দাবি, জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘার পার হ্যায়’ ছাড়ার পর তাঁকে সংঘবদ্ধভাবে হয়রানির শিকার হতে হয়। সেই সময় তাঁর নাম ব্যবহার করে একটি নকল এমএমএস ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যা তাঁর ব্যক্তিজীবনে গভীর প্রভাব ফেলে।
শিল্পা বলেন, ২০১৫-১৬ সালের দিকে ধারাবাহিকটি থেকে তাঁর বিদায়ের পর চারদিক থেকে নানা বিতর্ক ও আক্রমণের মুখে পড়েন তিনি। একদিন এক সাংবাদিক তাঁকে একটি ভিডিও ক্লিপ পাঠান। ভিডিওটি ডাউনলোডের সময় তাঁর মনে নানা আশঙ্কা তৈরি হয়। তিনি ভেবেছিলেন, এটি হয়তো তাঁর চেঞ্জিং রুমের কোনো ভিডিও। কিন্তু ভিডিওটি খুলে দেখেন, সেখানে ঝাপসা চিত্রে এক নারী ও এক পুরুষ অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। সাংবাদিক দাবি করেন, এটিই শিল্পার ভিডিও। শিল্পা অবশ্য সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, বিছানার চাদরের নোংরামি দেখেই বোঝা যাচ্ছে এটি তিনি নন।
ঘটনার পরপরই তিনি সাইবার সেলের দ্বারস্থ হন। সেখানে ছয় থেকে সাত ঘণ্টা কাটিয়ে জানতে পারেন, ভিডিওটি একটি হিন্দি প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের। ওই সাইটের এক নারীর নির্দিষ্ট অ্যাঙ্গেলের স্থিরচিত্র নিয়ে ঝাপসা করে সম্পাদনা করা হয়েছিল, যাতে দেখতে শিল্পার মতো লাগে। পরে সেটিকেই ‘ভাবিজির এমএমএস ফাঁস’ বলে ছড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনা তাঁর পরিবারকেও বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। শিল্পা জানান, তাঁর মা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, বিষয়টি সত্য কি না। এমনকি তাদের আবাসনের নিরাপত্তারক্ষীও তাঁর মাকে একই প্রশ্ন করেছিলেন। শিল্পা বলেন, ‘এমন প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া যায়? আমি অনেক কিছু সহ্য করেছি।’
শিল্পা আরও দাবি করেন, ‘বিগ বস’-এ অংশ নেওয়ার আগে তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও করা হয়েছিল। তিনি জামিন নিয়েই শোতে গিয়েছিলেন। তাঁর ভাষ্যে, তাঁকে যে মাত্রায় হয়রানি করা হয়েছে, তা কল্পনাও করা কঠিন।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘ভাবিজি ঘার পার হ্যায়’ ছেড়ে দেওয়ার পর শিল্পার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে একচেটিয়া চুক্তি ও বকেয়া পারিশ্রমিক নিয়ে বিরোধ তৈরি হয়। তিনি প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। পরবর্তী সময়ে বিষয়টি আদালতের বাইরে মীমাংসা হয়। চলতি বছরের শুরুতে ভারতী সিংয়ের পডকাস্টে শিল্পা জানান, সঞ্জয় কোহলির বিরুদ্ধে তাঁর করা যৌন হয়রানির অভিযোগটি সত্য ছিল না। ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে শিল্পা জানান, প্রযোজক বেনাফার কোহলি ও সঞ্জয় কোহলি তাঁকে ফোন করে ‘সত্য বলার’ জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। বর্তমানে ‘লক আপ’ শোতে যোগ দেওয়ার জন্য নির্মাতারা তাঁকে একাধিকবার প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান তিনি।

