বলিউডের জনপ্রিয় চেহারা জ্যাকুলিন ফার্নান্দেজ এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে পা রাখলেন। ভক্তদের সঙ্গে সংযোগের নতুন মাত্রা যোগ করতে তিনি উন্মোচন করছেন নিজের একটি ডিজিটাল সংস্করণ, যা এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত। এই উদ্যোগের মাধ্যমে অনুরাগীরা জানতে পারবেন অভিনেত্রীর প্রিয় বই, গভীর রাতের চিন্তাভাবনা, জীবনের পাঠ এবং নানা কাহিনী। এই প্রকল্পটি তৈরি করেছে গ্যালারি৫, যা কালেকটিভ আর্টিস্টস নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একটি এআই স্টুডিও। উন্নত কথোপকথন প্রযুক্তি, কণ্ঠসংশ্লেষণ এবং ইন্টারঅ্যাকটিভ ন্যারেটিভের মাধ্যমে এই ডিজিটাল রূপটি নির্মিত হয়েছে। নির্মাতাদের মতে, এটি শুধু জ্যাকুলিনের চেহারা বা কণ্ঠের নকল নয়; বরং তাঁর ব্যক্তিত্ব, চিন্তাধারা ও জীবনদর্শনের প্রতিফলন।
এই ডিজিটাল জ্যাকুলিনের মূল আকর্ষণ হবে একটি ‘বুক ক্লাব’ বিভাগ। সেখানে তিনি এমন সব বইয়ের পরামর্শ দেবেন যা তাঁর চিন্তা ও জীবনকে প্রভাবিত করেছে। শুধু বইয়ের শিরোনাম নয়, প্রতিটি বই নিয়ে নিজের মতামত, উপলব্ধি এবং পড়ার অভিজ্ঞতাও শেয়ার করবেন তিনি। এছাড়াও ডিজিটাল অবতারে রয়েছে ‘২ এএম থটস’ নামের একটি অংশ। সেখানে গভীর রাতে মাথায় আসা নানা ভাবনা, আত্মজিজ্ঞাসা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জীবনের বিভিন্ন অধ্যায়ের গল্প স্থান পাবে। প্রকল্প সংশ্লিষ্টদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত তারকাকেন্দ্রিক কনটেন্টে যেসব অনুভূতি বা ভাবনা জায়গা পায় না, সেগুলোই এই প্ল্যাটফর্মে প্রকাশ করবেন জ্যাকুলিন।
নতুন এই উদ্যোগ নিয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, ‘যেসব বিষয় আমাকে অনুপ্রাণিত করে, সেগুলো অন্যদের সাথে ভাগ করে নেওয়া আমি সবসময়ই পছন্দ করি। সেটা কোনো বই হতে পারে, কোনো আলাপ, জীবন থেকে শেখা কোনো শিক্ষা কিংবা এমন কোনো ভাবনা যা অনেক দিন ধরে আমার মনে গেঁথে আছে। এই অবতার আমাকে সম্পূর্ণ নতুনভাবে সেই অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গল্প বা অনুভূতি বলা সম্ভব হয় না, সেগুলোও এবার মানুষের কাছে পৌঁছে দিতে পারব।’
কালেকটিভ আর্টিস্টস নেটওয়ার্ক জানিয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য শুধু প্রযুক্তি প্রদর্শন নয়; বরং প্রযুক্তির মাধ্যমে তারকাদের সঙ্গে দর্শকের সম্পর্ককে আরও গভীর করে তোলা। একই সাথে শিল্পীর নিজস্ব কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব যাতে অক্ষুণ্ন থাকে, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে নিয়মিত নতুন বইয়ের তালিকা, নতুন আলাপ এবং ব্যক্তিগত নানা কনটেন্ট যুক্ত করা হবে। গ্যালারি৫ ইতিমধ্যেই তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন তারকার জন্য এআই অবতার ও কনটেন্ট তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে জ্যাকুলিন ফার্নান্দেজের এই প্রকল্পকে তারা তুলনামূলকভাবে ভিন্ন বলছে, কারণ এটি মূলত ব্র্যান্ড প্রচারের জন্য নয়; বরং সাহিত্য, চিন্তা ও ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটি উদ্যোগ।
শ্রীলঙ্কায় জন্ম নেওয়া জ্যাকুলিন ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব জয়ের পর ভারতে এসে অভিনয়জীবন শুরু করেন। ২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান। এরপর সালমান খানের সঙ্গে ‘কিক’, ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি, কন্নড় ভাষার একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন। অভিনেত্রীর নতুন কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

