আগামী ডিসেম্বর নাগাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন একযোগে কাজ করছে এবং ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করতে সক্ষম হবে।
সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে যুক্তরাজ্য। হাইকমিশনার সারা কুক বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান ব্রিটিশ কূটনীতিক।
একই বৈঠকে শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসন ও নারীর ক্ষমতায়ন—এসব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের ওপর জোর দেওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে যুক্তরাজ্যের এক বিশ্বস্ত গণতান্ত্রিক অংশীদার হিসেবে বর্ণনা করে বলেন, তার দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং সেই মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র আরও শক্ত ভিত পাবে। ব্রিটিশ বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা আরও বেশি বিনিয়োগ করতে পারেন এবং দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন।
একই দিনে মন্ত্রীর সঙ্গে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলও সৌজন্য সাক্ষাৎ করে। সংস্থাটির সঙ্গে সাক্ষাতে অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও পানিনিষ্কাশনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এ সময় ইউএনওপিএস বাংলাদেশের টেকসই উন্নয়ন উদ্যোগে আগামী দিনেও সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। উভয় সাক্ষাৎকালে পরিদর্শন ও মূল্যায়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




