দেশব্যাপী পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ দেশ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি উল্লেখ করেন, পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি স্তরের মানুষের জীবনযাত্রার সাথে সরাসরি জড়িত। গত তিন থেকে চার দশকের তুলনায় বর্তমানে ঢাকা শহরসহ বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানা ধরনের আবর্জনা ছড়িয়ে থাকার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

আবর্জনা সঠিক পদ্ধতিতে ধ্বংস করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ পায়ে হেঁটে বা বাসে চলাচল করে। রাস্তা পারাপারের সময় বা বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকলে তাদের অনেক কষ্ট হয়। দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তোলে। তিনি বলেন, সবাই যদি একটু সচেতন হন এবং ব্যবহার করা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় জমা করে পরবর্তীতে নির্দিষ্ট উপায়ে ধ্বংস করেন, তাহলে পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি দেশটাকেও সুন্দর রাখা সম্ভব হবে।

নিজের ঘরের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, নিজের বাসস্থানের চারপাশে যদি আবর্জনা ছড়িয়ে থাকে, তাহলে কারও কি তা ভালো লাগবে? নিশ্চয়ই কারও ভালো লাগবে না। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি জানান, গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে গিয়ে তিনি দেখেছেন, পুকুরের ভেতরে বা পাড়ে নানা ধরনের ময়লা স্তূপ হয়ে রয়েছে। অথচ একসময় এই সব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে বসত ও গল্প করত। পরিশেষে দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।