আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম ও অপর তিন আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালে অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। গ্রেপ্তার দেখানো অন্যান্য আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

এর আগে আবুল হাসানকে ট্রাইব্যুনালের অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। বাকি তিন আসামি বিভিন্ন থানার মামলায় আগে থেকেই গ্রেপ্তার ছিলেন। আজ তাদের ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ৮ জন এবং ২০ জুলাই ৯ জন নিহত হন। এই ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে গ্রেপ্তার দেখানো হলো। আদালত তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।