জার্মানির স্টুটগার্ট শহরের ক্যানস্টাটার ফোকসফেস্ট, যা বিশ্বের অন্যতম বৃহৎ লোকজ ও বিয়ার উৎসব, তার দুই শতাব্দীর বেশি পুরোনো ইতিহাসে আজও দর্শনার্থীদের মুগ্ধ করছে। স্থানীয়ভাবে 'ভাসেন' নামে পরিচিত এই উৎসব নেকার নদীর তীরবর্তী ক্যানস্টাটার ভাসেন প্রাঙ্গণে প্রতি বছর অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের আয়োজন ছিল ২৫ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী দিনে স্টুটগার্টের মেয়র ঐতিহ্যবাহী কাঠের পিপায় হাতুড়ি মেরে প্রথম বিয়ারের ব্যারেল উন্মুক্ত করেন। প্রথম সপ্তাহান্তেই প্রায় ৮ লাখ দর্শনার্থী অংশ নেয়, আর পুরো উৎসবে প্রায় ৪২ লাখ মানুষের সমাগম ঘটে।

উৎসবের শুরু কিন্তু আনন্দ-উল্লাসের জন্য ছিল না; বরং এর পেছনে রয়েছে মানুষের দুঃখ ও পুনর্জাগরণের মর্মস্পর্শী ইতিহাস। ১৮১৫ সালে ইন্দোনেশিয়ার তাম্বোরা আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে ইউরোপজুড়ে জলবায়ুর বিপর্যয় দেখা দিয়েছিল। ১৮১৬ সাল ইতিহাসে পরিচিত হয় 'গ্রীষ্মহীন বছর' নামে। দীর্ঘ শীত ও অস্বাভাবিক বৃষ্টিপাতে ফসল নষ্ট হয়ে খাদ্যসংকট ও দুর্ভিক্ষ দেখা দেয়। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে ভুর্টেমবার্গের রাজা উইলহেল্ম প্রথম এবং রানি ক্যাথারিনা ১৮১৮ সালের ২৮ সেপ্টেম্বর কৃষি ও পশুপালনের উন্নয়নে উৎসাহ দিতে এক বিশাল কৃষি উৎসবের আয়োজন করেছিলেন। কৃষকদের উন্নত বীজ ও আধুনিক কৃষিপদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। সেই কৃষি মেলাই আজ বিশ্বের অন্যতম বৃহৎ লোকজ উৎসবে পরিণত হয়েছে।

উৎসবের কেন্দ্রস্থলে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ২৬ মিটার উঁচু ফ্রুখ্টজয়লে (Fruchtsäule) কৃষির সমৃদ্ধি ও মানুষের অদম্য জীবনশক্তির প্রতীক হিসেবে দেখা যায়। উৎসব প্রাঙ্গণজুড়ে থাকে রঙিন আলোর ঝলকানি, বিশাল বিশাল বিয়ার টেন্ট, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হাজারো নারী-পুরুষ, লোকসংগীতের তালে তালে নাচগান আর পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠা মানুষের অফুরন্ত উচ্ছ্বাস। পুরুষদের গায়ে ঐতিহ্যবাহী লেডারহোজেন এবং নারীদের রঙিন ডির্নডল পোশাক উৎসবকে আরও বর্ণিল করে তোলে।

বিশাল এলাকাজুড়ে বিনোদন পার্ক, আকাশছোঁয়া ফেরিস হুইল, রোমাঞ্চকর রোলার কোস্টার, শিশুদের জন্য ক্যারোসেল এবং নানান খেলা দর্শনার্থীদের জন্য থাকে। খাবারের স্টলগুলোতে জার্মান ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায়—ধোঁয়া ওঠা রোস্টেড চিকেন, ব্রাটভুর্স্ট, বিশাল আকৃতির প্রেটজেল, আলুর নানা পদ এবং স্থানীয় বিভিন্ন খাবারের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। জার্মান লোকসংগীতের তালে দর্শনার্থীরা হাততালি দিয়ে গান গায়, নাচে এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। জাতি, ভাষা কিংবা ধর্মের কোনো বিভাজন এখানে চোখে পড়ে না; আনন্দই যেন একমাত্র পরিচয়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে কেউ আসেন জার্মান সংস্কৃতি উপভোগ করতে, কেউ ঐতিহ্যবাহী বিয়ারের স্বাদ নিতে, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে আনন্দময় সময় কাটাতে। রঙিন শোভাযাত্রায় প্রায় ৪ হাজার শিল্পী, অশ্বারোহী, বাদ্যযন্ত্রশিল্পী ও ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অংশগ্রহণকারী স্টুটগার্টের রাস্তায় উৎসবের আবহ ছড়িয়ে দেন। ক্যানস্টাটার ফোকসফেস্ট তাই শুধু বিয়ার পান করার উৎসব নয়; এটি ইতিহাস, কৃষি, সংস্কৃতি, ঐতিহ্য, পারিবারিক বন্ধন এবং মানুষের মিলনের এক অপূর্ব উৎসব হিসেবে বিশ্বের কাছে সম্প্রীতি ও জীবন-উৎসবের বার্তা পৌঁছে দিয়ে আসছে।