জনপ্রিয় ভারতীয়-মার্কিন পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডলাস সম্প্রতি তাঁর ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর দিল্লি কনসার্টে এক চমকপ্রদ ঘোষণা দেন। মঞ্চে উঠে তিনি উপস্থিত দর্শকদের কাছে তাঁর বাগদত্তা শেখর চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। জেসমিন চিৎকার করে বলেন, ‘এই সেই ব্যক্তি, যে আমার অনামিকায় হীরার আংটি পরিয়ে দিয়েছে। আমি সবার কাছে জানাতে চাই, এই মানুষটি আমার, শুধু আমার।’ জবাবে শেখর চৌধুরী সংক্ষেপে বলেন, ‘থ্যাংক ইউ। আমি সম্মানিত।’ এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জেসমিন স্যান্ডলাসের জন্ম ভারতের পাঞ্জাবের জলন্ধরে। তবে তাঁর শৈশব কেটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটনে। ২০১৪ সালে বলিউড সিনেমা ‘কিক’-এর ‘ইয়ার না মিলে’ গানটির মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বর্তমানে ৪১ বছর বয়সী এই শিল্পী পাঞ্জাবি পপ, হিপহপ ও বলিউডে সমান দক্ষতায় কাজ করছেন। পাঞ্জাবি সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

তাঁর কণ্ঠের স্বতন্ত্রতা, পশ্চিমা সংগীতের প্রভাব ও পাঞ্জাবি লোকসংগীতের সংমিশ্রণ তাঁকে বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তুলেছে। শক্তিশালী কণ্ঠ, নিজস্ব গায়কি, ট্যাটু, পাঞ্জাবি-ওয়েস্টার্ন-হিপহপ ফ্যাশন এবং সাহসী ব্যক্তিত্ব তাঁকে অন্যান্য শিল্পীদের থেকে আলাদা করেছে। এছাড়া তিনি মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস ও নারীর স্বাধীনতা নিয়েও খোলামেলা আলোচনা করেন।

জেসমিন নিজের ব্যক্তি ও পারিবারিক জীবন নিয়ে খুব কমই কথা বলেন। তাঁর মা-বাবাও জনসমক্ষে আসেন না। তবে তিনি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিবারের সমর্থনই তাঁর সংগীতজীবনের মূল চালিকাশক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জনপ্রিয়তা বিপুল। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে।

২০১২ সালে জেসমিনের প্রথম অ্যালবাম ‘গুলাবি’ প্রকাশের পর থেকে তিনি ‘গুলাবি কুইন’ নামে পরিচিত হন। বলিউডে তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ইয়ার না মিলে’, ‘ইললিগাল ওয়েপন’, ‘সিপ সিপ’, ‘পাঞ্জাবি মুটিয়ারান’, ‘লাভান’ ও ‘ধুরন্ধর’।

জেসমিনের দীর্ঘদিনের প্রেমিক ও বাগদত্তা শেখর চৌধুরীও ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কোনো অ্যাকাউন্ট নেই। ভারতীয় গণমাধ্যমও তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেনি। তবে বহু কনসার্ট সফর, বিমানবন্দর ও ধর্মীয় ভ্রমণে তাঁকে ‘টিম স্যান্ডলাস’ টি-শার্টে জেসমিনের সঙ্গে দেখা গেছে।

জেসমিন সব সময় বলতেন, ‘দেরি হলেও সঠিক মানুষটাকেই জীবনে আনতে চাই।’ তাঁর সেই সঠিক মানুষের খোঁজ মিলেছে বলে মনে করছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা বইছে তাঁর জন্য।