নিজের হাতে বানানো রোবট নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই প্রতিযোগিতার ২৮তম আসর বসতে যাচ্ছে। আর সেখানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দ্য গঠনের লক্ষ্যে ইতোমধ্যে ‘আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬’-এর অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এ বছরের বৈশ্বিক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘কালচারেল হেরিটেজ সার্ভিস রোবটস’। অর্থাৎ প্রতিযোগীদের এমন রোবট উদ্ভাবন করতে হবে, যা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ অথবা সেইসব ঐতিহ্যকে জানা ও উপলব্ধি করার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সক্ষম। ভিয়েনার স্থানীয় ঐতিহ্যবাহী স্থাপনা, জাদুঘর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিংবা লোকজ সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে। বিশেষ করে ‘ক্রিয়েটিভ ক্যাটাগরি’ ও ‘ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি’তে এই মূল ভাবনার ওপর জোর দেওয়া হবে।
প্রতিযোগিতার কাঠামোতে এবার একটি নতুন সংযোজন হলো ‘মিশন চ্যালেঞ্জ ক্যাটাগরি’। এই বিভাগে প্রতিযোগিতার স্থলেই একটি অপ্রত্যাশিত সমস্যা উপস্থাপন করা হবে এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি স্বয়ংক্রিয় রোবট তৈরি করে সেই সমস্যার সমাধান দিতে হবে। তাছাড়া, রোবটিকসের জগতে নতুনদের আগ্রহ বাড়াতে ও উৎসাহ দিতে জাতীয় পর্যায়ে একটি রোবটিকস কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে, যদিও এটি আন্তর্জাতিক পর্বের অন্তর্ভুক্ত নয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী এসব ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।
অনলাইনে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২২ আগস্ট। এছাড়া সারা দেশের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের রোবটিকসের সাথে প্রাথমিক পরিচয় ঘটাতে এবং অলিম্পিয়াডের প্রস্তুতি সহজ করতে ‘অ্যাক্টিভেশন কর্মশালা’ ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। অংশ নিতে আগ্রহীরা আরডুইনো বা ইএসপি৩২-এর মতো ডেভেলপমেন্ট বোর্ড ব্যবহার করে প্রস্তুতি নিতে পারেন, পাশাপাশি বিভিন্ন সেন্সর, মোটর ও আউটপুট ডিভাইস সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি।
এখন পর্যন্ত আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের ফলাফল ঈর্ষণীয়। গত বছর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২৭তম আসরে বাংলাদেশ দল একটি স্বর্ণপদক, ছয়টি ব্রোঞ্জপদক এবং চারটি কারিগরি পদকসহ সর্বমোট ১১টি পুরস্কার নিয়ে আসে। গত আট বছরের পরিসংখ্যান বিবেচনা করলে, বাংলাদেশের শিক্ষার্থীরা এখন পর্যন্ত ১৫টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য আয়োজকদের ওয়েবসাইট bdro.org ভিজিট করতে হবে।



