আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যের গালফ শোরস আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমানযাত্রীর লাগেজে রুটিন তল্লাশির সময় আমেরিকার গৃহযুদ্ধকালীন পাঁচটি কামানের গোলা উদ্ধার করেছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, গত ১৮ জুলাই এই ঘটনা ঘটে। টিএসএ’র বিবৃতি অনুযায়ী, এক্স-রে স্ক্রিনিংয়ে ব্যাগেজের ভেতরে একটি অস্বচ্ছ ও বড় আকারের বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মী জাস্টিন ডুপ্রি। তিনি সন্দেহ করে ব্যাগটি খোলেন এবং ভেতরে কাগজের তোয়ালেতে মোড়ানো অবস্থায় পাঁচটি ছোট কামানের গোলা দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি তার উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানান। ডুপ্রি এক বিবৃতিতে বলেন, “আমি এর আগে কখনও এরকম অনন্য কিছু দেখিনি। নিষ্ক্রিয় গ্রেনেড বা প্রশিক্ষণের গোলাবারুদ তো দেখেছি, কিন্তু ইন্ডিয়ানা জোন্সের সিনেমার মতো চুরি করা ঐতিহাসিক নিদর্শন এই প্রথম দেখলাম।” টিএসএ জানিয়েছে, কামানের গোলাগুলোর মধ্যে সবচেয়ে বড়টির আকার জাম্বুরা ফলের মতো এবং ওজন প্রায় শট পুট বলের সমান। এগুলো নিষ্ক্রিয় ছিল এবং এর মধ্যে কোনো বিস্ফোরক দ্রব্য বা সক্রিয় উপাদান ছিল না। তবে কামানের গোলা আর্টিলারি গোলাবারুদ হওয়ায় বিমানে বহন করা নিষিদ্ধ পণ্য হিসেবে বিবেচিত। পুলিশ তদন্তে জানতে পারে, কামানের গোলাগুলো ফোর্ট মরগান থেকে চুরি করা হয়েছিল। ফোর্ট মরগানের কর্মীরা নিদর্শনগুলোর গায়ে বিশেষ পেইন্ট চিহ্ন দিয়ে রেখেছিলেন, যা দেখে সেগুলো শনাক্ত করা সম্ভব হয়। এসব নিদর্শন আমেরিকার গৃহযুদ্ধকালীন সময়ের বলে জানা গেছে। গালফ শোরসের ঐতিহাসিক ফোর্ট মরগান আমেরিকার গৃহযুদ্ধসহ একাধিক সামরিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাল্ডউইন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ফোর্ট মরগানের একটি স্টোরেজ এলাকা থেকে কামানের গোলাগুলো চুরি করেছিল এক কিশোর। পরে সে সেগুলো তার দাদির চেক করা ব্যাগেজে রেখে দেয়। কিশোরের দাদি পুলিশকে জানান, তিনি জানতেন না যে গোলাগুলো চুরি করা। ফোর্ট মরগানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শেরিফ অফিস জানায়, ফোর্ট মরগান এই ঘটনায় কোনো মামলা করতে আগ্রহী নয়, এবং নিদর্শনগুলো ফোর্ট মরগানে ফেরত দেওয়া হয়েছে। ফোরচুন ডটকম-এ এই প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়।