আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। দুই ভিন্ন ফুটবল দর্শনের এই লড়াইয়ে ব্যক্তিগত কয়েকটি দ্বৈরথই চূড়ান্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। স্পেনের শক্তি দুই প্রান্তের গতি ও সংগঠিত দলগত ফুটবল, যেখানে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র কঠিন সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা।

স্পেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে লিওনেল মেসিকে থামানো। ৩৯ বছর বয়সে পা দেওয়া এই ফরোয়ার্ড এ পর্যন্ত বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্ট করেছেন, যা তাঁকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রেখেছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাঁর দুটি অ্যাসিস্টই আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করে দেয়। মেসিকে আটকানোর দায়িত্ব একা এমেরিক লাপোর্তের নয়; রদ্রি ও পাউ কুবারসিকে নিয়েই তাঁকে ছোট করতে হবে খেলার জায়গা। তবে এই রক্ষণভাগের নেতৃত্ব দেবেন লাপোর্ত। ১৯ বছর বয়সী কুবারসিকে পাশে নিয়ে তিনি দুর্দান্ত জুটি গড়েছেন, যেখানে পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটি গোল হজম করেছে। নকআউট পর্বে তাঁরা ছিলেন প্রায় দুর্ভেদ্য। লাপোর্তের পজিশনিং, স্থিরতা ও নেতৃত্ব এ সাফল্যের বড় কারণ। তবে ফাইনালে তাঁর সামনে এমন একজন ফুটবলার, যিনি যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।

অন্যদিকে স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে সামলানোর দায়িত্ব পড়বে নিকোলাস তাগলিয়াফিকোর ওপর। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরে ধীরে ধীরে নিজের ছন্দে ফিরেছেন ইয়ামাল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তাঁর গতি ও বুদ্ধিদীপ্ত দৌড় থেকেই স্পেন প্রথম গোলের পেনাল্টি আদায় করে নেয়। ফাইনালে ডান প্রান্তে তাঁর সামনে থাকবেন অভিজ্ঞ তাগলিয়াফিকো। ২০২২ বিশ্বকাপজয়ী এই লেফট-ব্যাক এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইয়ামালকে আটকানো তার জন্য সহজ হবে না। কখন ডান প্রান্তে গতি থামাতে হবে, আর কখন ভেতরে কেটে ঢোকার পথ বন্ধ করতে হবে—এই সিদ্ধান্তই তাঁর সবচেয়ে বড় পরীক্ষা। ইয়ামালের গতি ও সৃজনশীলতার বিপরীতে তাগলিয়াফিকোর অভিজ্ঞতা ও রক্ষণাত্মক দৃঢ়তা ফাইনালের ভাগ্যে বড় প্রভাব ফেলতে পারে।

মাঝমাঠের লড়াইয়েও থাকবে বড় আকর্ষণ। স্পেন অধিনায়ক রদ্রি ও আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ মুখোমুখি হবেন। রদ্রি পুরো টুর্নামেন্টে নিজের সেরা ছন্দে আছেন। তাঁর ৬৪৮টি সফল পাস বিশ্বকাপের সেরা পরিসংখ্যানগুলোর একটি। বলের দখল ধরে রাখা, খেলার গতি নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ায় তিনি অসাধারণ। এখন পর্যন্ত তিনি দৌড়েছেন ৮৩ হাজার ৮০২ মিটার, যা টুর্নামেন্টের সবচেয়ে পরিশ্রমী মিডফিল্ডারদের একজন হিসেবে পরিচয় দেয়। অন্যদিকে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার প্রাণভোমরা। কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর ৪৩টি ফোর্সড টার্নওভার আর্জেন্টিনার অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। শুধু রক্ষণ নয়, আক্রমণেও বড় মুহূর্তে জ্বলে উঠেছেন তিনি—শেষ ষোলোতে মিসরের বিপক্ষে যোগ করা সময়ে গোল, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ মিনিটে তাঁর গোলেই সমতায় ফেরে আর্জেন্টিনা।

এই তিন ব্যক্তিগত দ্বৈরথের ওপরই অনেকটা নির্ভর করবে বিশ্বকাপের ভাগ্য। কোনো একটি মুহূর্ত হয়তো চূড়ান্ত ফল নির্ধারণ করবে, কিন্তু সেই মুহূর্ত তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে এই লড়াইগুলো। নিউ জার্সিতে বিশ্বকাপ ট্রফি ওঠার আগে তাই সবার চোখ থাকবে এই তিন লড়াইয়ের দিকেই।