আসন্ন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে রেফারির ভূমিকা নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। রোববার রাতে নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। দে লা ফুয়েন্তে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাইনালে রেফারির দায়িত্ব হবে খেলার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা এবং কোনোভাবেই শিথিলতা বা সীমা অতিক্রমের সুযোগ না দেওয়া।

এর আগে টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির পক্ষপাতিত্ব নিয়ে তীব্র অভিযোগ তোলে মিসর। মিসরের কোচ হোসাম হাসান এবং খেলোয়াড় মোস্তাফা জিকো সরাসরি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন। এমনকি সেই ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করে মিসর ফুটবল ফেডারেশন। সেই ঘটনার প্রেক্ষাপটেই দে লা ফুয়েন্তে রেফারি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’ তবে একইসঙ্গে তিনি রেফারিদের প্রতি পূর্ণ আস্থার কথাও জানান। তাঁর ভাষায়, ‘রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন ম্যাচে কীভাবে খেলতে হয়।’

উল্লেখযোগ্য বিষয় হলো, লিওনেল স্কালোনির কোচিং কোর্সের প্রশিক্ষক ছিলেন লুইস দে লা ফুয়েন্তে। সেই সাবেক সম্পর্কের প্রসঙ্গ টেনে স্পেনের এ কোচ বলেন, ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্পেনের নিজেদের খেলার ধরন ধরে রাখা। দে লা ফুয়েন্তে বলেন, ‘আর্জেন্টিনা তাদের মতো করেই খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। নিজেদের ফুটবল আরও শক্তিশালী করা এবং সেটিকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।’

নিজেদের ফুটবল দর্শন থেকে সরে না যাওয়ার বার্তাও দিয়েছেন এই সর্বশেষ ইউরোজয়ী কোচ। তাঁর ভাষায়, ‘আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে। আমরা ফুটবলটা ফুটবলের মতো খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’

সবমিলিয়ে, ফাইনালের আগে স্পেন শিবিরে রেফারির ভূমিকা ও নিজেদের খেলার ধরন নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন কোচ দে লা ফুয়েন্তে। এখন দেখার বিষয়, রোববার রাতে মাঠে সেই বার্তা কতটা কার্যকর হয়।