প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্যামসাংয়ের আগামী সফটওয়্যার আপডেটে আইফোনের একটি বহুল আলোচিত ফিচার যুক্ত হতে পারে, যা ব্যবহারকারীদের জন্য নতুন মাত্রা যোগ করবে। অ্যান্ড্রয়েড অথরিটি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং তাদের আসন্ন ওয়ান ইউআই ৯.৫ ইন্টারফেসে ‘অ্যাপ মিররিং’ নামক একটি সুবিধা চালু করার পরিকল্পনা করছে। এই সুবিধা চালু হলে গ্যালাক্সি ফোন ব্যবহারকারীরা তাদের ল্যাপটপের স্ক্রিনে ফোনের নোটিফিকেশন দেখতে পাবেন এবং সেখান থেকেই বিভিন্ন অ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবেন।
ফিচারটি ব্যবহার করতে ফোন ও ল্যাপটপে একই স্যামসাং অ্যাকাউন্টে সাইন ইন করা থাকার পাশাপাশি ডিভাইস দুটিকে একই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে বলে জানা গেছে। এতে করে যারা একসঙ্গে একাধিক ডিভাইস ব্যবহার করেন, তাদের কাজের গতি অনেকাংশে বেড়ে যেতে পারে। খবরে আরও বলা হয়েছে, প্রযুক্তি সংক্রান্ত তথ্য ফাঁসের জন্য পরিচিত ফাহাদ আলী সম্প্রতি ওয়ান ইউআই ৯.৫-এর কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে এই নতুন ফিচারটির অস্তিত্ব দেখা গেছে।
তবে শুধু অ্যাপ মিররিংই নয়, স্ক্রিনশটগুলোতে আরও কিছু সম্ভাব্য নতুন ফিচারের ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফোল্ডেবল ফোনের জন্য তৈরি একটি অ্যাপ সার্চ বার, যা গ্যালাক্সি সিরিজের অন্যান্য ডিভাইসেও যুক্ত হতে পারে। যদিও বড় পর্দার ফোনে সার্চ বারটি বেশ উপযোগী মনে হলেও সাধারণ পর্দার স্মার্টফোনে এটি কতটা কার্যকর হবে, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ।
এদিকে, এসব ফিচার নিয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা মন্তব্য পাওয়া যায়নি। ফলে নতুন এই ফিচারগুলো আসলেই চালু হবে কি না, তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। তবে আগামী দিনে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এগুলো ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ম্যাশেবল




