মাদারীপুর জেলার ডাসার উপজেলায় একটি ফার্নিচার তৈরির দোকানে রাখা কেমিক্যালের ড্রাম হঠাৎ বিস্ফোরিত হয়ে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নজরুল ইসলাম (১৩)। সে একই ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের পুত্র। এ ঘটনায় দোকানের মালিক রবিউল মাতুব্বর গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো সকালে রবিউল মাতুব্বরের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন নজরুলসহ অন্যান্য শ্রমিকেরা। হঠাৎ করে দোকানের ভেতরে রাখা একটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন নজরুল ও দোকানমালিক গুরুতর জখম অবস্থায় পড়ে আছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত দোকানমালিক রবিউল মাতুব্বর বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

নজরুলের অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবা হানিফ শরীফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার ছেলে কাজ করতে গিয়ে আর বাড়ি ফিরল না। কীভাবে এমন ঘটনা ঘটল, আমরা কিছুই বুঝতে পারছি না। ছেলেটা যে আর বেঁচে নেই, এটা কীভাবে মেনে নেব?'

এদিকে, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান মাহমুদ বলেন, ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।