বুধবার বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা গাজী সালাউদ্দিন তানভীরকে আদালতে হাজির করা হলে ছাত্রদলের সদস্যরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, সালাউদ্দিনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সূত্র মতে, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সালাউদ্দিন এনসিপির সাবেক নেতা হলেও সম্প্রতি দল থেকে পদত্যাগ করেছেন। ছাত্রদলের এই হামলার ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।