ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে পৌনে নয়টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বুধবার দুপুরে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, রাজধানীর গুলশানে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বালুবোঝাই ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলায় জগলুল পাশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলাসহ একাধিক আইনি প্রক্রিয়ায় তার নাম জড়িত বলে ডিবির এই কর্মকর্তা উল্লেখ করেন।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হন যে জগলুল পাশা কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফিরছেন। পরে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। এগুলোর মধ্যে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা উল্লেখযোগ্য। এছাড়া গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির মামলাটিও রয়েছে তার বিরুদ্ধে।